ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে চার বাহিনীর প্রধান

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ২০ নভেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে চার বাহিনীর প্রধান
ছবি: সংগৃহীত

জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান। এ সময় তাদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরে আইজিপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও অগ্নিকাণ্ডের শিকার থানাগুলো পরিদর্শনের পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে বিশেষ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

এদিকে, গত কয়েক দিনের সহিংসতার পর বৃহস্পতিবার রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত থেকে নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাতভর বৃষ্টির পর সকাল পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো মিছিল কিংবা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। তবে ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

শহরের প্রধান সড়কগুলোতে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্য যানবাহন চলাচল ছিল না বললেই চলে। গত কয়েক দিনের সহিংসতায় আতঙ্কিত সাধারণ মানুষের উপস্থিতিও কম। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। ফলে শহরের সড়কগুলো অনেকটাই ফাঁকা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!