ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ১১ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ২০ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে ১১ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের
চট্টগ্রামে আগামী ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ, আলোচনা সভা, মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রমের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

চট্টগ্রাম মহানগরীতে ১১ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ, আলোচনা সভা, মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রম পালন করবে দলটি।

২০ নভেম্বর, শুক্রবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০ নভেম্বর গণভোটের গণরায় বাস্তবায়ন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির দাবিতে নগরীর গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং চট্টগ্রাম জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

২২ নভেম্বর আইনজীবী শাখার উদ্যোগে শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর শাহাদাত দিবস উপলক্ষে ‘ফ্যাসিবাদ ও বিচারিক হত্যাকাণ্ড’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর শ্রমিক ও পেশাজীবী নেতাদের উদ্যোগে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা সভা হবে।

২৪ নভেম্বর চট্টগ্রামে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া, কর্মসংস্থান সংকট ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহানগরী মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৬ নভেম্বর আইনজীবী শাখার উদ্যোগে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শাহাদাত দিবস পালন করা হবে। ২৭ নভেম্বর শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই দিন ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে শহীদ ডা. মিলন দিবস পালন করা হবে।

২৮ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে টিকাদান থেকে বাদ পড়া শিশুদের হাম-রুবেলা টিকা দিতে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ওলামা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির শেষ দিন ৩০ নভেম্বর নগরীর বিভিন্ন থানার উদ্যোগে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল আয়োজন করা হবে।

বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও জনসম্পৃক্ততা বাড়াতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিগুলো সফল করতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তাঁরা।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!