ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুয়াকাটার হোটেল থেকে নিখোঁজ বিচারককে উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ২০ নভেম্বর ২০২৬
কুয়াকাটার হোটেল থেকে নিখোঁজ বিচারককে উদ্ধার
ছবি: সংগৃহীত

বরিশালে নিখোঁজ হওয়ার দুই দিন পর জেলা জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীমকে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে হোটেল সি-ভিউ থেকে তাকে উদ্ধার করা হয়। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি একাই কুয়াকাটায় গিয়ে সেখানে অবস্থান করছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক শেখ ফারহান নাদীম একাই ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে পুলিশের তৎপরতায় তার সন্ধান পাওয়া যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, উদ্ধার করা বিচারককে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বরিশাল থেকে পুলিশের একটি দল মহিপুরের উদ্দেশে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আলোচনা ও জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শেখ ফারহান নাদীম কুয়াকাটার আবাসিক হোটেল সি-ভিউয়ের ১৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। হোটেলটির পরিচালক মো. সোলাইমান জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে হাতে ছোট একটি ব্যাগ নিয়ে ওই ব্যক্তি হোটেলে আসেন। হোটেলের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর এক হাজার টাকা ভাড়ায় তাকে একটি কক্ষ দেওয়া হয়। তিনি একাই হোটেলে উঠেছিলেন।

হোটেল পরিচালক আরও জানান, বৃহস্পতিবার সকালে হোটেল মালিকের সঙ্গে দীর্ঘ সময় বসে কথা বলেন ওই ব্যক্তি। তখন তারা জানতে পারেন, তিনি বরিশাল আদালতের একজন বিচারক। পরে সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন, তিনি নিখোঁজ ছিলেন এবং পুলিশ তাকে উদ্ধার করেছে। তার ব্যবহৃত কক্ষটি তখনো তালাবদ্ধ ছিল। বিকেলের কোনো একসময় তিনি হোটেল থেকে বের হন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও তিনি বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বরিশাল জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। পরদিন বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুই দিন ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!