ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া গেলেন জামায়াত আমির

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৩, ২০ নভেম্বর ২০২৬
পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া গেলেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে পূর্বনির্ধারিত পাঁচ দিনের সফরে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন জামায়াত আমির। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় যাবেন ডা. শফিকুর রহমান। সেখানেও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরে তার সঙ্গী হয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!