ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না: রিজভী
গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলা ব্যক্তিদের কোনো রাজনৈতিক দলের কর্মী বলা যায় না, তারা সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না। তবে ভারত থেকে ‘পঞ্চম বাহিনীর’ ইন্ধনে ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, যারা গাড়িতে আগুন দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা সন্ত্রাসী বাহিনী। বাংলাদেশের গণতন্ত্র বারবার বাধার মুখে পড়েছে।
পাঠ্যপুস্তক প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অতীতে পাঠ্যপুস্তকে শুধু একটি দল ও তার নেতার ইতিহাস তুলে ধরা হয়েছে। অন্য নেতাদের ছোট করে উপস্থাপন করা হয়েছিল।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল, তাদের শাসনামলে দেশ চরম পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। বর্তমানে যে ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করছে, তা প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে অনেক রক্তপাতের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তা আর বাধাগ্রস্ত হতে দেওয়া যাবে না।