ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার দাবি, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনা দুর্নীতির অভিযোগের কারণে গত বছর ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল টিউলিপের বিরুদ্ধে। পূর্বাচলে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে একটি দুর্নীতি মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে।
লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার সাজা কার্যকরের সম্ভাবনাও খুব কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেন। সে সময় তিনি দাবি করেন, তার খালা শেখ হাসিনা ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের দ্বন্দ্বের পরোক্ষ শিকার হয়েছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে টিউলিপ নিজেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার বলে দাবি করেন। তিনি জানান, এ বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। ওই আইনজীবী তাকে জানিয়েছেন, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি থাকতে পারে।
টিউলিপ বলেন, তার বিরুদ্ধে করা মামলাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে দ্য গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
টিউলিপের দাবি, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিত জানতে তিনি একাধিকবার চেষ্টা করেছেন। এ জন্য তার আইনজীবীরা বাংলাদেশ সরকারকে চিঠিও পাঠিয়েছিলেন। কিন্তু কোনো চিঠির জবাব পাওয়া যায়নি।
লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও জানান টিউলিপ। তিনি বলেন, ইউনূস তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। সরাসরি সাক্ষাতের জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন।
নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ বলেন, অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বিচলিত ছিলেন না। তার ভাষ্য, কী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখেই প্রথম জানতে পারেন যে তাকে সাজা দেওয়া হয়েছে।
বিতর্কের ওই সময়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন।
তবে টিউলিপকে নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ার পর স্টারমার তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।