ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ
গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার ও টহল বাড়াতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। কারাগারে গুরুত্বপূর্ণ মামলার আসামি থাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি।
হালিমা খাতুন জানান, বর্তমানে কারাগারে গুরুত্বপূর্ণ মামলার আসামি রয়েছেন। এ পরিস্থিতিতে কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপত্তা টহল বাড়ানো প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাগুলোর দপ্তরে সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসের চারটি কারাগারে রাজনৈতিক বন্দিসহ প্রায় ১২ হাজার বন্দি রয়েছেন। কারাগার অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় এসব কারাগারের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
চিঠিতে সিনিয়র জেল সুপার উল্লেখ করেন, ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করে আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মাসুদ হাসান জুয়েল জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনার পর কারা কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। এ বিষয়ে জেলা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার কাছে আবেদন করা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।