ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৭, ২০ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ি এলাকার ছাত্রীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা জোনের আওতাধীন দেওয়ানপাড়া এলাকায় ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে এ নির্মাণকাজের উদ্বোধন করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি-সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং দেওয়ানপাড়া আশ্রমের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন হোস্টেল নির্মাণের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, দুর্গম এলাকার ছাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা গেলে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকার অনেক শিক্ষার্থীকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। আবার আবাসন সংকটের কারণে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ে। হোস্টেলটি নির্মিত হলে ছাত্রীদের এসব সমস্যা অনেকাংশে কমবে। তারা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে থেকে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার হারও কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। দেওয়ানপাড়া আশ্রম ছাত্রী হোস্টেল নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

ডেইলি-বাংলাদেশ/মাটিরাঙ্গা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!