ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৭ কোটি টাকার হাসপাতাল প্রস্তুত, যন্ত্রপাতির অভাবে বন্ধ চিকিৎসাসেবা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৩, ২০ নভেম্বর ২০২৬
১৭ কোটি টাকার হাসপাতাল প্রস্তুত, যন্ত্রপাতির অভাবে বন্ধ চিকিৎসাসেবা
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জে ডায়াবেটিস রোগীদের বিশেষায়িত চিকিৎসার জন্য প্রায় ১৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যার হাসপাতাল ভবন প্রস্তুত। তবে নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় এক বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র সরবরাহ না করায় এখনো চালু হয়নি হাসপাতালটি। ফলে রোগী ভর্তি ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। বিপুল অর্থ ব্যয়ে নির্মিত ভবনটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়।

জেলার ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টির লক্ষ্যে হাসপাতালটি নির্মাণ করা হলেও কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ভবন নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা হলেও চিকিৎসাসেবা চালুর প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়নি। এমনকি সন্ধ্যার পর হাসপাতাল এলাকায় মাদকসেবীদের আনাগোনার অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতি ও মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ২০২০ সালের মার্চে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। ১১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ২০২৫ সালে ভবন নির্মাণ সম্পন্ন হয়।

তবে নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনের বিভিন্ন স্থানে ত্রুটি ধরা পড়ে। সীমানাপ্রাচীর ও মেঝের কয়েকটি স্থানে ফাটলসহ নানা সমস্যা থাকায় শর্তসাপেক্ষে ভবনটি গ্রহণ করে ডায়াবেটিস সমিতি। কিন্তু ভবন বুঝে পেলেও হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র এখনো হস্তান্তর করা হয়নি। ফলে জনবল নিয়োগসহ চিকিৎসাসেবা চালুর প্রক্রিয়াও আটকে আছে।

হাসপাতালের জন্য জমি দাতা পরিবারের সদস্য মো. সাদেক খন্দকার বলেন, ভবন নির্মাণের এক বছর পেরিয়ে গেলেও হাসপাতাল চালু না হওয়া দুঃখজনক। এটি চালু হলে জেলার ডায়াবেটিস রোগীরা উন্নত চিকিৎসার সুযোগ পেতেন। তাই দ্রুত কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা রহমত মিয়া বলেন, হাসপাতাল নির্মিত হলেও চিকিৎসার সরঞ্জাম ও আসবাবপত্র না থাকায় মানুষ কোনো সেবা পাচ্ছে না। এর মধ্যে সন্ধ্যার পর সেখানে মাদকসেবীদের আনাগোনার অভিযোগও রয়েছে, যা উদ্বেগজনক।

আরেক বাসিন্দা বিল্লাল মিয়া বলেন, উন্নত চিকিৎসার জন্য জেলার অনেক ডায়াবেটিস রোগীকে সিলেট কিংবা ঢাকায় যেতে হয়। এতে বাড়তি খরচের পাশাপাশি রোগী ও স্বজনদের নানা দুর্ভোগ পোহাতে হয়। হাসপাতালটি চালু হলে এ ভোগান্তি অনেকটাই কমে আসত।

স্থানীয় বাসিন্দা সজিব মিয়াও দ্রুত হাসপাতাল চালুর দাবি জানিয়েছেন। তার মতে, বিপুল অর্থ ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি কার্যকর না হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না।

এ বিষয়ে সুনামগঞ্জ ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনোওয়ার আলী বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর ভবনটি সমিতির কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। এসব সরঞ্জাম পাওয়া গেলে দ্রুত হাসপাতালের কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, শুধু অবকাঠামো নির্মাণ করলেই হাসপাতাল চালু করা সম্ভব নয়। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল নিয়োগ ও প্রশাসনিক প্রস্তুতিও নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা হাসপাতালটি দ্রুত চালুর মাধ্যমে জেলার ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!