ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

‘মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে’: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৫, ২০ নভেম্বর ২০২৬
‘মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে’: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও কলকারখানা বন্ধের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। এসব সমস্যার সমাধান না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

একসময় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির শিক্ষক ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে কলেজজীবনের স্মৃতিচারণা করেন তিনি। দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। জাতীয় জীবনে স্কুল-কলেজগুলো কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা নতুন করে ভাবার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

নিজের মতামত তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূলে ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোছে; কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই কার্যকর হয়।’

সময়ের চাহিদা ও দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তরুণ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, সরকারের মন্ত্রী-সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!