ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের, রায় শুনে ক্যাম্পে ছুটে গেলেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৮, ২০ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের, রায় শুনে ক্যাম্পে ছুটে গেলেন খলিলুর রহমান
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় ঘোষণার পরদিন কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ক্যাম্পের একটি খেলার মাঠে সমবেত রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি।

আবেগঘন বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের নাম উচ্চারণ করেছেন। ২০১৭ সালে তাদের ওপর চালানো নির্যাতন গণহত্যা ছিল বলে আদালতের রায় স্পষ্ট করেছে। এ সময় বিচার দেখে যেতে না পারা নিহত রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

বাংলাদেশে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিচারণ করে তিনি বলেন, নিউইয়র্ক থেকে নয়, রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে তিনি ক্যাম্পে এসেছেন। বছরের পর বছর বিশ্ববাসীর কাছে নিজেদের কথা তুলে ধরার আহ্বান জানিয়ে আসা রোহিঙ্গাদের কথা অবশেষে বিশ্ব শুনেছে।

ড. খলিলুর রহমান বলেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত। আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের বিষয় উঠে এসেছে। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এই আইনি লড়াইয়ে ভূমিকা রাখায় গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সাহসের সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতিও বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।

রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে চার দফা আহ্বান জানান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। এর মধ্যে রয়েছে গণহত্যায় জড়িতদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করা; নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা; ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং মানবিক সহায়তা বাড়ানো; পাশাপাশি আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে গণহত্যার পুনরাবৃত্তি রোধ করা।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, সম্পত্তি ও পরিবার পুনর্মিলনের অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত ক্যাম্পে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষায় আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানো প্রয়োজন। বাংলাদেশের একার পক্ষে এ বিপুল মানবিক দায় বহন করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানা বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, রায় বাস্তবায়নে ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।

বক্তব্যের শেষে ১৯৪৮ সালের গণহত্যা সনদের প্রসঙ্গ টেনে ড. খলিলুর রহমান বলেন, এই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই। সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব প্রতিশ্রুতি রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে। পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!