ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
স্বাস্থ্য খাতে ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি, ডিসেম্বরে বিজ্ঞপ্তি
দেশের স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালী করতে প্রায় ১০ হাজার পদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট, ২ হাজার ফার্মাসিস্টসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হতে পারে। চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) তথ্যে কারিগরি ত্রুটির কারণে শূন্য পদের হিসাব নিয়ে অসংগতি দেখা দিয়েছে। এ কারণে প্রকৃত শূন্য পদের সংখ্যা নির্ধারণে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য সংগ্রহ করছে অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসসকে বলেন, এমআইএসের তথ্যের ওপর এককভাবে নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চাওয়া হয়েছে। এসব তথ্য একত্র করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে।
তিনি জানান, হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগ কার্যক্রম চলছে বলে জানান অধ্যাপক রুমি। কিছু এলাকায় নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে, আবার কোথাও তা চলমান রয়েছে। কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।
নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোর জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক রুমি বলেন, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা নির্ধারণ করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পিএসসির মানদণ্ড অনুসরণ করা হবে। কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
তিনি জানান, বিসিএস ক্যাডারের চিকিৎসক, অর্থাৎ মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়। এ ছাড়া সপ্তম ও নবম গ্রেডের কিছু নন-মেডিকেল পদেও পিএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।
স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক রুমি বলেন, অসদাচরণের সন্দেহ হলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ওএসডি করা বা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে তার জানা মতে, এখন পর্যন্ত সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি। এ পর্যন্ত হওয়া বিভাগীয় মামলাগুলোর বেশির ভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ সংক্রান্ত।
চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অব্যবহৃত ও অচল যন্ত্রপাতি সচল করা এবং সময়মতো মেরামতের জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দাপ্তরিক চিঠিপত্র ও নথি দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হচ্ছে বলে জানান অধ্যাপক রুমি।