ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

সাত খুন মামলায় আসামিদের আপিলের শুনানি চলছে

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ২৬ নভেম্বর ২০২৬
সাত খুন মামলায় আসামিদের আপিলের শুনানি চলছে
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আসামিদের আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।

এর আগে বুধবার প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হক।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অন্য ছয়জন হলেন নজরুল ইসলামের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, তার গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম।

এ ঘটনায় দুটি হত্যা মামলা হয়। নজরুল ইসলাম ও তার চার সহযোগী হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেন। অন্যদিকে, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।

দুটি মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন ও র‍্যাবের বরখাস্ত তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন। বাকি ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পরে মামলার নথি বিজি প্রেসে পাঠানো হলে পেপারবুক প্রস্তুত করে একই বছরের ৭ মে হাইকোর্টে পাঠানো হয়।

এরপর ২২ মে থেকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। ৩৩ কার্যদিবস শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট রায় দেন হাইকোর্ট।

রায়ে বিচারিক আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের সাজা বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাকি ৯ আসামির বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল রাখেন হাইকোর্ট।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!