ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে চৌধুরী নায়াব ইউসুফের শ্রদ্ধা
‘কীর্তিমান মানুষের মৃত্যু নেই, কর্ম ও আদর্শে বেঁচে থাকেন চিরকাল’—এই প্রতিপাদ্যে ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পৌত্রী ও সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক স্মৃতিচারণমূলক বক্তব্যে মোহন মিয়ার রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলনে ভূমিকা, শিক্ষা বিস্তার, সমাজসেবা ও পারিবারিক ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন চৌধুরী নায়াব ইউসুফ।

স্মৃতিচারণে বলা হয়, ১৯০৫ সালের ২৯ ডিসেম্বর অবিভক্ত ভারতের ফরিদপুর জেলার বিখ্যাত ময়েজ মঞ্জিলে জন্মগ্রহণ করেন ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া। তাঁর বাবা ছিলেন জমিদার খান সাহেব চৌধুরী ময়েজউদ্দিন বিশ্বাস। ছাত্রজীবন থেকেই তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে মুসলিম লীগের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৩৭ সালে মুসলিম লীগের প্রার্থী হিসেবে বেঙ্গল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। পাশাপাশি বৃহত্তর ফরিদপুর ডিস্ট্রিক্ট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন।
রাজনৈতিক জীবনে পাকিস্তান আন্দোলনে ভূমিকা রাখার পাশাপাশি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার পক্ষেও অবস্থান নেন মোহন মিয়া। স্মৃতিচারণে উল্লেখ করা হয়, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে তিনি সমর্থন জানান। ভাষা আন্দোলনের সময় তাঁর মালিকানাধীন দৈনিক মিল্লাত পত্রিকাও আন্দোলনের পক্ষে অবস্থান নেয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের প্রতিবাদে পত্রিকাটিতে ‘রাতের আঁধারে এত লাশ কোথায় যায়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় বলে স্মৃতিচারণে উল্লেখ করা হয়েছে।
পরে মুসলিম লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে যোগ দেন। ১৯৫৪ সালের নির্বাচনে শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যুক্তফ্রন্ট সরকার গঠিত হলে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
শিক্ষা বিস্তারেও মোহন মিয়ার অবদানের কথা তুলে ধরা হয় স্মৃতিচারণে। এতে বলা হয়, ১৯২৬ সালে ময়েজ মঞ্জিলের জমি থেকে ১০ একর জায়গা দান করে তিনি ময়েজউদ্দিন স্কুল প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। এ ছাড়া হালিম গার্লস স্কুল, হালিমা হোমস, ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অবদান ছিল। ১৯৪৫ সালে পরিবারের প্রায় ৫০০ একর জমিতে কৃষি, শিক্ষা, ধর্মীয় শিক্ষা ও শিল্প বিকাশের লক্ষ্য নিয়ে বায়তুল আমান গড়ে তোলেন।
স্মৃতিচারণে আরও বলা হয়, মোহন মিয়া সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার এবং ধর্ম পালনের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ফরিদপুরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায়ও তাঁর ভূমিকা ছিল।
তাঁর জ্যেষ্ঠ ছেলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তাঁর অন্য ছেলেরাও রাজনীতি, ক্রীড়া, শিল্প ও সমাজসেবায় যুক্ত ছিলেন বলে স্মৃতিচারণে উল্লেখ করা হয়েছে।
মোহন মিয়ার কর্ম, আদর্শ, দান ও অবদানের কথা স্মরণ করে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া ব্যক্তিত্বের স্মৃতি কখনো মুছে যায় না। তিনি না থাকলেও তাঁর অবদান ও আদর্শ মানুষের মধ্যে চিরজাগরূক হয়ে থাকবে।
ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে দেওয়া শ্রদ্ধা বার্তায় বলা হয়, মোহন মিয়ার জীবন ও কর্মের বিস্তৃত ইতিহাস সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা সম্ভব নয়। তাঁর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হচ্ছে।
উল্লেখ্য, ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ১৯৭১ সালের ২৬ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর জন্ম ১৯০৫ সালের ২৯ ডিসেম্বর।