ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ঢামেক হাসপাতাল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কনা আক্তার শান্তা (২২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় চিকিৎসকের অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়। কনা আক্তার শান্তা পটুয়াখালীর বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।
ঢামেকে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিয়মিত টহলের সময় আনসার সদস্যরা নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিষয়টি সেখানে কর্মরত চিকিৎসকদের জানানো হয়।
হাসপাতালের চিকিৎসকরা ওই নারীকে শনাক্ত করতে না পারলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল পরিচালক ও উপপরিচালকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।