ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্কারোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:২৮, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্কারোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অংশীদার ১৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও বাণিজ্যিক ভারসাম্যহীনতার অভিযোগ তদন্তের পর নতুন শুল্কের প্রস্তাব প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তদন্তের ফল স্থানীয় সময় মঙ্গলবার বিকেলেই প্রকাশ করা হতে পারে। নতুন শুল্ক আগেই আরোপ করা মার্কিন আমদানি শুল্কের ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তদন্তের আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে, ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। নতুন তদন্তের মাধ্যমে সেই শুল্কের বিকল্প ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে গত মার্চে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর।

পাশাপাশি ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইন কার্যকরের দুর্বলতা নিয়েও পৃথক তদন্ত চলছে। এসব তদন্তের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স-ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেন।

নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি খাতেও এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তবে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের হার বা কার্যকরের নির্দিষ্ট সময় এখনো প্রকাশিত হয়নি।
সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!