ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ২৫ নভেম্বর ২০২৬
দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল ইমরান।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, চায়না দুয়ারি জালে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বুধবারের অভিযানে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য দপ্তর জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!