ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উৎসবের মধ্যে ভয়াবহ ঝড়, প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে ৯ লাখের বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যায় তলিয়ে গেছে উপকূলীয় এলাকার রাস্তাঘাট ও জনবসতি। ঝড়ের প্রভাবে কয়েক শ ফ্লাইট বাতিল এবং দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এমন পরিস্থিতিতে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং ডে প্যারেডও স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। এতে বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। ভারী বৃষ্টির সঙ্গে উচ্চ জোয়ারের পানি যুক্ত হয়ে উপকূলীয় নিম্নাঞ্চলে বন্যা দেখা দেয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় একপর্যায়ে দেশজুড়ে প্রায় ৯ লাখ ৬১ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। রাত ৯টা ৫৬ মিনিটে এ সংখ্যা ছিল ৯ লাখ ৮ হাজারের বেশি। পেনসিলভানিয়ায় ২ লাখ ৭ হাজার, নিউ জার্সিতে ১ লাখ ৭৯ হাজার, মেরিল্যান্ডে ১ লাখ ৩৯ হাজার, ভার্জিনিয়ায় ১ লাখ ৬ হাজার এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৬৮ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশটির সঙ্গে সংশ্লিষ্ট ৪৫৪টি ফ্লাইট বাতিল এবং ২ হাজার ৪১১টি ফ্লাইট বিলম্বিত হয়। ওয়াশিংটন ও নিউইয়র্কের প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্কে ম্যাসির ১০০তম থ্যাংকসগিভিং ডে প্যারেড স্থগিত করা হয়েছে। শক্তিশালী বাতাসে প্যারেডের বিশাল আকৃতির বেলুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিপদ ঘটাতে পারে, এমন আশঙ্কায় আয়োজকেরা এ সিদ্ধান্ত নেন। ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আবহাওয়াজনিত কারণে এই আয়োজন পিছিয়ে দেওয়া হয়। নতুন সূচি অনুযায়ী, শনিবার প্যারেডটি অনুষ্ঠিত হওয়ার কথা।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, বন্যার পানিতে আটকে পড়া দুটি গাড়ি থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। নিউ জার্সির বিভিন্ন উপকূলীয় এলাকায়ও উদ্ধার অভিযান চালানো হয়। আটলান্টিক সিটির নিচু এলাকাগুলোতে কোথাও কোথাও দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি জমে যায়। ভার্জিনিয়ার নরফোক এলাকায় উদ্ধারকারীরা ৩৯ জনকে উদ্ধার করেন। মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টিতে ঝড়ে গাছ উপড়ে বাড়িঘরের ওপর পড়ার ঘটনায় জরুরি সেবায় তিন শতাধিক ফোন আসে।
এদিকে ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে ভারী তুষারপাত হয়েছে। মিসৌরির কিছু এলাকায় ৩৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমেছে। অন্যদিকে পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ার ও বিশাল ঢেউয়ের কারণে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় বন্যা দেখা দেয়। ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার প্যাসিফিকা শহরে বিশাল ঢেউয়ের আঘাতে একটি পিয়ারের অংশ ভেঙে সাগরে চলে যায়।
মেরিল্যান্ডের মন্টগোমারি ও প্রিন্স জর্জ কাউন্টিতে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় প্রায় ২০ লাখ পানির গ্রাহককে পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বিরল টর্নেডোর সতর্কতা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস ও উপকূলীয় বন্যার পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। শুক্রবারও কিছু এলাকায় দমকা বাতাসের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় আগের ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রায় ১০ কোটি ডলারের কেন্দ্রীয় সহায়তা অনুমোদনের কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার থ্যাংকসগিভিং ডে পালিত হয়। এ উপলক্ষে লাখ লাখ মানুষ পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে এবং ছুটি উপভোগ করতে ভ্রমণ করেন। তবে এবারের ঝড় উৎসবের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এবিসি নিউজ ও আলজাজিরা।