ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি যত টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৬, ২৭ নভেম্বর ২০২৬
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি যত টাকা
ফাইল ফটো

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। নতুন দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কিনে নেওয়ার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৭ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!