ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

ডলারের চাপে এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪, ২৬ নভেম্বর ২০২৬
ডলারের চাপে এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা
সংগৃহীত ছবি

ডলারসংকটের কারণে বৈদেশিক লেনদেনে অস্থিরতা বাড়ছে। সরাসরি বিদেশি বিনিয়োগ কমা এবং রপ্তানি আয় প্রত্যাশা অনুযায়ী না বাড়ায় বাজারে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছে না। ফলে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলা বাজারেও বেড়েছে ডলারের দাম।

খোলা বাজারে বর্তমানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। দুই সপ্তাহ আগেও এ দাম ছিল ১২৮ থেকে ১২৯ টাকা। গতকাল ঢাকার বিভিন্ন স্থানে ১৩০ টাকার নিচে ডলার পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সরবরাহ করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না।

এ পরিস্থিতিতে ব্যাংকগুলোতে আমদানির ঋণপত্র (এলসি) খুলতে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। চাহিদা অনুযায়ী এলসি খুলতে না পারার পাশাপাশি এলসি খোলার পর ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও বাড়ছে। এতে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এলসি খোলার ক্ষেত্রে ডলারের সংকট নেই। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ডলার সরবরাহ করা হবে। তবে ব্যাংকারদের ভাষ্য, ডলারের বাড়তি চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে এ চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির দায় মেটাতে ব্যাংকগুলোর বাড়তি ডলার প্রয়োজন হচ্ছে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) সূত্রে জানা গেছে, সংগঠনটির ৫৪টি সদস্য ব্যাংক বিভিন্ন দরে ১২৫ থেকে ১২৮ টাকায় নগদ ডলার বিক্রি করেছে।

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকও ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলার ১২৫ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছে বলে জানিয়েছে। তবে ব্যাংকিং চ্যানেলের বাইরে ১২৮ টাকার বেশি দরে ডলার বিক্রির তথ্য পাওয়া গেছে। যদিও বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ডলারের গড় বিনিময়হার ১২৪ টাকা ৭৩ পয়সা এবং সর্বোচ্চ দর ১২৪ টাকা ৭৫ পয়সা।

চলতি সপ্তাহের শুরুতে একাধিক বেসরকারি ব্যাংক আমদানি ঋণপত্রের বিল পরিশোধে প্রতি ডলারের দর নিয়েছে ১২৬ থেকে ১২৭ টাকা। গতকাল এ দর বেড়ে দাঁড়িয়েছে ১২৮ থেকে ১২৯ টাকায়।

ডলারের চাহিদা বাড়ায় একাধিক দফায় বাংলাদেশ ব্যাংক বাজারে ৭০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এসব বিক্রিতে প্রতি ডলারের দর ছিল ১২৪ টাকা ৭৫ পয়সা থেকে ১২৪ টাকা ৯৯ পয়সা, ১২৪ টাকা ২৫ পয়সা এবং ১২৩ টাকা ৭৫ পয়সা। এরপরও বাজারে ডলারের চাপ কমেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর ডলারের স্পট রেফারেন্স রেট ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা। আগের দিন ১১ নভেম্বর এ হার ছিল ১২৪ টাকা ৬৩ পয়সা। এক মাস আগে আন্তব্যাংক বাজারে ডলারের গড় দর ছিল ১২৩ টাকা ২৮ পয়সা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে ডলারের দাম বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রির পরও বাজারের চাপ পুরোপুরি কমেনি। রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর ডলার বিক্রির দর ১২৫ টাকার নিচে নেমে এলেও পরদিন আবারও কেন্দ্রীয় ব্যাংককে ডলার বিক্রি করতে হয়েছে।

এদিকে জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে ব্যাংকগুলোকে আগের তুলনায় বেশি ডলার ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি ভোগ্যপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের আমদানিও বাড়ছে। রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের আমদানি বাড়ায় বৈদেশিক মুদ্রার চাহিদাও বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানির ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ১০ শতাংশ বেড়েছে। বিপরীতে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ। এতে আমদানি ও রপ্তানি আয়ের ব্যবধান আরও বেড়েছে। ওই সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৫৭১ কোটি ডলার।

খোলা বাজারে ব্যাংকিং চ্যানেলের তুলনায় ডলারের দাম ৩ থেকে ৪ টাকা বেশি হওয়ায় বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের প্রয়োজনে ডলার কিনতে গিয়ে সাধারণ মানুষকেও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘কার্ব মার্কেটের ডলারের দর দিয়ে বাস্তব অবস্থা বোঝা যাবে না। চলতি মাসের শুরুতে কিছুটা সংকট তৈরি হয়েছিল। সেটিকে ভিত্তি করে কার্ব মার্কেটে ডলারের দর নিয়ে ব্যবসা করা হচ্ছে। ব্যাংকিং খাতে এখন কোনো সংকট নেই।’

তিনি বলেন, ‘আমরা ব্যবসায়ী ও ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছি। সবাইকে বলেছি, এলসি খুলতে কোনো সমস্যা হবে না। রমজান উপলক্ষে খাদ্যপণ্য আমদানির ঋণপত্রের পেমেন্ট বাংলাদেশ ব্যাংক দেবে। চাহিদামতো সবাই ডলার পাবেন। এলসি নিষ্পত্তিতেও কোনো সমস্যা হবে না। খোলা বাজারে অতিরিক্ত দরে ডলার বিক্রি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

জানতে চাইলে বিশিষ্ট ব্যাংকার ও এবি ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, ‘সম্প্রতি বাজারে ডলারের চাহিদা বেড়েছে। রেমিট্যান্স বাড়লেও রপ্তানি কমেছে। একই সঙ্গে আমদানি অনেক বেড়েছে। এ কারণে খোলা বাজারে ডলার বেশি দামে বিক্রি হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সহায়তা দিচ্ছে। পরিস্থিতি হয়তো স্বাভাবিক হতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!