ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, লিড সনদ পেল আরও ১২ কারখানা
পরিবেশবান্ধব শিল্পায়নে বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা। এ নিয়ে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সবুজ কারখানার দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
নতুন করে সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে লিড সনদপ্রাপ্ত ৩০২টি কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। এতে পরিবেশবান্ধব শিল্পায়নে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগ্রগতি স্পষ্ট হয়েছে।
নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি পেয়েছে ৯১ পয়েন্ট। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট অর্জন করেছে। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং পেয়েছে ৮৬ পয়েন্ট।
এ ছাড়া চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট অর্জন করেছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে পেয়েছে।
অন্যদিকে, নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২। প্রতিষ্ঠানগুলো যথাক্রমে ৬৮, ৬৬ ও ৬৪ পয়েন্ট অর্জন করেছে।
লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এ সনদ দেওয়া হয়।
বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। নতুন করে ১২টি কারখানার স্বীকৃতি পাওয়ায় দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রযাত্রায় আরও একটি উল্লেখযোগ্য অর্জন যুক্ত হলো। সূত্র: বাসস