ঢাকা, শুক্রবার ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপির সাবেক উপজেলা সভাপতি মুতাসিম বিল্লাহর
‘শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ছিলেন, আছেন ও থাকবেন’—এমন বক্তব্য দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। এতে নিজের রাজনৈতিক পথচলা, রাজনীতিতে যুক্ত হওয়ার উদ্দেশ্য এবং সরে দাঁড়ানোর কারণ তুলে ধরেন তিনি।
ভিডিও বার্তায় মুতাসিম বিল্লাহ বলেন, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কণ্ঠস্বর হওয়ার প্রত্যয় নিয়ে তিনি রাজনীতিতে এসেছিলেন। বিশেষ করে নিজ এলাকার জুলুম ও নিপীড়নের শিকার মানুষের পক্ষে কথা বলাই ছিল তার রাজনৈতিক লক্ষ্য।
তিনি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে এনসিপির টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তার দাবি, ওই কমিটি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন পর্যন্ত বহাল ছিল। তবে নির্বাচনের পর চাকরি, পরিবার ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় রাজনৈতিক কর্মকাণ্ডে আর সক্রিয় থাকা হয়নি।
রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, এখন থেকে স্বেচ্ছায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান থেকে বিদায় নিচ্ছেন।
রাজনৈতিক জীবনে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, অজান্তে কিংবা ভুলবশত কোনো কথা বা কাজের মাধ্যমে কেউ আঘাত পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। রাজনৈতিক পথচলায় যারা পরামর্শ ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
রাজনীতি ছাড়লেও দেশ, মাটি ও মানুষের প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মুতাসিম বিল্লাহ। ভিডিও বার্তার শেষাংশে জন্মভূমি টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের মানুষের জন্য শুভকামনা জানিয়ে সবার কাছে দোয়া চান তিনি।