ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রাম-খাগড়াছড়ি রেল যোগাযোগ স্থাপনে উদ্যোগ

চট্টগ্রাম-খাগড়াছড়ি রেলপথ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর কাছে এমপি ওয়াদুদ ভূঁইয়ার ডিও লেটার
খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২০ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম-খাগড়াছড়ি রেল যোগাযোগ স্থাপনে উদ্যোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ সম্প্রসারণ করে ফটিকছড়ি হয়ে খাগড়াছড়ির রামগড় পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

গত ১৬ নভেম্বর পাঠানো ওই চিঠিতে প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা গ্রহণ এবং বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ও সহযোগিতা চেয়েছেন তিনি।

ডিও লেটারে ওয়াদুদ ভূঁইয়া উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠায় বিদ্যমান চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ ফটিকছড়ি উপজেলা হয়ে রামগড় পর্যন্ত সম্প্রসারণ করা সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট পর্যন্ত রেললাইন রয়েছে। এই রেলপথ রামগড় পর্যন্ত সম্প্রসারণ করা হলে হাটহাজারী, ফটিকছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, লক্ষ্মীছড়ি, মহালছড়ি ও রামগড়ের মানুষের যাতায়াত সহজ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি কৃষিপণ্য ও স্থানীয় উৎপাদিত পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

প্রস্তাবিত রেলপথটি বাস্তবায়িত হলে রামগড় স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ, পর্যটনশিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি জাতীয় রেল যোগাযোগ নেটওয়ার্কও সম্প্রসারিত হবে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

রেলপথটির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য। সমীক্ষায় সম্ভাব্য বিকল্প রুট, দূরত্ব, পাহাড়ি ভূপ্রকৃতি, পরিবেশগত প্রভাব, ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ ব্যয় এবং যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা মূল্যায়নের প্রস্তাব দিয়েছেন তিনি। সমীক্ষার ফলাফল ইতিবাচক হলে পরবর্তী সময়ে ডিপিপি প্রণয়ন ও প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

ডিও লেটারে বৃহত্তর জনস্বার্থ, জাতীয় যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ এবং পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা সমীক্ষা ও ডিপিপি প্রণয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন ওয়াদুদ ভূঁইয়া।

এদিকে, প্রস্তাবিত রেলপথ নিয়ে খাগড়াছড়ি ও ফটিকছড়ির স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, রেলপথটি বাস্তবায়িত হলে সড়কপথের ওপর চাপ কমার পাশাপাশি যাতায়াত ব্যয় হ্রাস পাবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বিশেষ করে রামগড় স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরার সঙ্গে বাণিজ্য আরও গতিশীল হবে।

এ ছাড়া পর্যটকেরা সহজেই খাগড়াছড়ি, সাজেক, আলুটিলা ও রিছাং ঝরনাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াত করতে পারবেন। এলাকাবাসীর প্রত্যাশা, সরকার দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা শুরুর উদ্যোগ নিয়ে রেলপথটি বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!