ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মানুষের অন্তর্জগৎ ও সম্পর্কের ছায়া
মানুষের জীবনে সবচেয়ে গভীর ক্ষতগুলো সবসময় বড় ঘটনার মাধ্যমে নয়, বরং খুব নিকটের মানুষের আচরণ থেকেই তৈরি হয়। অনেক সম্পর্ক আছে যেগুলো বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে মনকে ক্লান্ত করে ফেলে, মানসিক শান্তিকে গ্রাস করে।
ব্যক্তিত্বের দ্বন্দ্ব ও মানসিক অবক্ষয়ের সূক্ষ্ম প্রক্রিয়া-
মানবসম্পর্কের সবচেয়ে গভীর ক্ষত প্রায়ই তলোয়ার নয়, শব্দের সূক্ষ্ম আঘাতেই সৃষ্টি হয়। কিছু মানুষ জানে কোন বাক্য বা আচরণ অন্যের অন্তর্গত শান্তিকে কাঁপিয়ে দেবে, তবুও তারা সেই পথই বেছে নেয়। মনস্তত্ত্ব বলে, এ ধরনের আচরণ আত্মের অস্থিরতার প্রতিফলন—নিজের ক্ষত অন্যের ওপর চাপানোর এক অব্যক্ত প্রচেষ্টা। এই ক্ষুদ্র ক্ষুদ্র আঘাতই একসময় অভ্যন্তরীণ মর্যাদাবোধকে ক্ষয় করে, যেন অদৃশ্য পোকা কাঠের ভেতর থেকে তাকে ফাঁপা করে দেয়।
অসাম্যপূর্ণ সম্পর্কের নীরব শোষণ
কিছু সম্পর্ক একমুখী নদীর মতো—প্রবাহ শুধু একদিকেই চলে। অন্যপক্ষের সময়, অনুভূতি, শক্তি সবকিছুই যেন ধার দেওয়া হয়; কিন্তু ফেরত আসে না কোন প্রতিদান। দায়িত্ব ও যত্নের ভারসাম্যহীনতা অন্তরের গভীরে অদৃশ্য ক্ষয় রেখে যায়। সাহিত্যে এমন সম্পর্ককে প্রায়ই “অসাম্যের নীরব শত্রুতা” বলা হয়েছে—যেখানে আদর নয়, প্রত্যাশাই শাসন করে।

অনুশোচনা-বিমুখ সত্তা-
ভুলের পর অনুশোচনা মানবিকতার পরিচয়। কিন্তু কিছু মানুষ ক্ষমাপ্রার্থনার সৌন্দর্য দেখতেই পায় না। তাদের কাছে স্বীকারোক্তি হলো আত্মসম্মানের পতন, দায় স্বীকার মানে অস্তিত্বের সংকোচন। মনস্তত্ত্বে এদের বলা হয় “ন্যারেটিভ কন্ট্রোলার”—যারা নিজেদের গল্পে কখনোই অপরাধী হতে চায় না। ফলত, সম্পর্কের আস্থার ভিত ক্রমশ ক্ষয়ে যায়, কিন্তু তারা সেই ক্ষয় অনুভবও করে না।
দুঃখের অভিনয়ে দোষ লুকানো-
সমালোচনার মুখোমুখি হওয়ার মুহূর্তে কিছু মানুষ আচমকা ভিকটিমের পোশাক পরে নেয়। ব্যক্তিত্বের এই রূপ মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত জটিল—এতে অন্যপক্ষ নিজের স্বাভাবিক প্রতিবাদের মধ্যেও অপরাধবোধে আক্রান্ত হয়। দোষী যেন দোষহীন, আর আহত যেন অভিযুক্ত। এই নাটকীয় অবস্থান সম্পর্কের বাস্তবতাকে অস্পষ্ট করে দেয় এবং সত্যের চেহারাকে ম্লান করে।
মুক্তমনাদের মানবিক নৈঃশব্দ্য-
মুক্তমনাদের জগৎ তুলনামূলকভাবে শান্ত। তারা নিজের বিশ্বাসে প্রতিষ্ঠিত থাকে, কিন্তু সেই বিশ্বাস অন্যের ওপর আরোপ করার প্রবণতা তাদের নেই। বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানো তাদের চিন্তার মূল ভিত্তি। দর্শনের ভাষায়, এরা “অবজারভার”—যারা মতামতকে অস্ত্র না বানিয়ে শুধু দৃষ্টিভঙ্গির বহুমাত্রিকতা উপভোগ করে। সহাবস্থানের এই সৌন্দর্য সমাজকে নীরবে সমৃদ্ধ করে।

মানসিক স্বাধীনতার পথ-
জীবন ও মন, উভয়ই নরম এবং ক্ষণস্থায়ী। যে আচরণ ধারাবাহিকভাবে এই নরমতাকে আঘাত করে, তার থেকে দূরে সরে আসাই মানসিক মঙ্গল। এটি পালিয়ে যাওয়া নয়—এটি নিজের সমগ্রতার প্রতি দায়বদ্ধতা। মনস্তাত্ত্বিক স্বাস্থ্য এক ধরনের নৈতিক কর্তব্য; নিজের প্রতি, বিশ্বের প্রতি।
সম্পর্কের বাছাইয়ে পরিপক্বতার দীপ্তি-
মানুষের ভিড়ে প্রতিটি সম্পর্ক সমান নয়। কোন সম্পর্ক অন্তরের গভীরে ফুল ফুটায়, অন্য কোনোটি চুপিসারে শুকিয়ে দেয়। কোন সম্পর্ক মনকে প্রসারিত করে আর কোনটি ভিতর থেকে ভেঙে ফেলে—এই বিচারবোধই মানবজীবনের পরিপক্বতার এক গোপন আলো। সেই আলোই শেষ পর্যন্ত মানুষকে শেখায় কোন পথে চললে শান্তি, আর কোন পথে গেলে অশান্তি।
লেখক : ডাঃ এম আর করিম রেজা, চিকিৎসক ও সমাজকর্মী।