ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:২৯, ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ছবি সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে 'অন্যায্য উৎপাদন চর্চা' ও 'অপর্যাপ্ত শ্রম সুরক্ষা'র অভিযোগ এনে দেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এই ঘোষণা দেন। ওয়াশিংটন যাকে উৎপাদন খাতে 'কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন' হিসেবে বর্ণনা করছে, সেই অভিযোগে ১৪টি অর্থনীতিকে লক্ষ্য করে 'সেকশন ৩০১'-এর আওতায় নেওয়া বিস্তৃত বাণিজ্য সিদ্ধান্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হলো।

ইউএসটিআর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বাংলাদেশের নীতিমালা 'অযৌক্তিক এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ওপর বোঝা সৃষ্টি করছে কিংবা বাণিজ্যকে সীমিত করছে'; বিশেষ করে গুরুত্বপূর্ণ তৈরি পোশাক ও অ্যাপারেল খাতে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি রপ্তানিকারকেরা আগে থেকেই যে প্রায় ২৫ শতাংশ বিদ্যমান শুল্কের মুখোমুখি হচ্ছেন, নতুন এই শুল্ক তার ওপর অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

এর আগে, যুক্তরাষ্ট্র তার কয়েকটি বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর একগুচ্ছ নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। এই ঘোষণার আওতায় থাকা অর্থনীতিগুলো হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

দেশ ও পণ্যভেদে এই শুল্কের হার ভিন্ন ভিন্ন হবে। এর মধ্যে চীন সর্বোচ্চ '৪০ শতাংশ পর্যন্ত' শুল্কের মুখোমুখি হচ্ছে; যদিও কার্যকর শুল্কের হার এর চেয়ে কম হতে পারে। থাইল্যান্ড ও ভারতসহ অল্প কয়েকটি দেশ '২৫ শতাংশ পর্যন্ত' শুল্কের মুখে পড়েছে। অন্যদিকে জাপানসহ আরও কয়েকটি দেশের ওপর '২০ শতাংশ পর্যন্ত' শুল্ক প্রযোজ্য হচ্ছে। তবে ট্রাম্প এর আগে শুল্কের যে সর্বোচ্চ সীমায় সম্মত হয়েছিলেন, তার কারণে এসব শুল্কের কিছু অংশ কার্যত কমে আসবে।

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যাপকভিত্তিক আমদানি শুল্ক বাতিল করে দিয়েছিলেন। প্রস্তাবিত এই নতুন শুল্কগুলো আংশিকভাবে সেই বাতিল হওয়া শুল্কের জায়গা নেবে এবং বর্তমানে বহাল থাকা অন্যান্য শুল্কের সাথে যুক্ত হবে।

বর্তমানে নির্দিষ্ট কিছু পণ্যের ছাড় সাপেক্ষে বাংলাদেশি পণ্যের ওপর এই ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য রয়েছে। 'মোস্ট-ফেভার্ড-নেশন' (এমএফএন) বা সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের আওতায়, বিদ্যমান ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্কের সাথে এই অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক যুক্ত হওয়ায়, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের বড় একটি অংশের ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ শতাংশে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!