ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধস: নিহত ৯, নিখোঁজ ১৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০২, ২৫ নভেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধস: নিহত ৯, নিখোঁজ ১৭
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি অবৈধ সোনার খনিতে বন্যার পানি ঢুকে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ নভেম্বর) রাতে পশ্চিম জাভার বোগর জেলার পংকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় শ্রমিকেরা খনির ভেতরে সোনা উত্তোলনের কাজ করছিলেন। ভারী বৃষ্টির কারণে পাশের সিসিউরেহ নদীর পানি বেড়ে খনির ভেতরে ঢুকে পড়ে। এতে প্রায় ১০০ মিটার গভীর খনির সুড়ঙ্গ পানিতে তলিয়ে যায়।

দুর্ঘটনার সময় খনিতে অনেক শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে কয়েকজন বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা ভেতরে আটকা পড়েন। বুধবার উদ্ধারকারীরা একাধিক শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। পরে হতাহতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছায়। এখনো ১৭ জনের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল জানিয়েছে, খনির ভেতরে পানি জমে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পানি অপসারণে পাম্প ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ শ্রমিকদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। খনির গভীরতা, সংকীর্ণ প্রবেশপথ এবং ভেতরের ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে উদ্ধারকর্মীদের সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

দুর্ঘটনাটি অবৈধভাবে পরিচালিত একটি খনিতে ঘটেছে। এ কারণে প্রাথমিকভাবে কর্তৃপক্ষকে খবর দিতেও দেরি হয়। স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা প্রথমে নিজেরাই পানি সরানোর চেষ্টা করেন। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে উদ্ধার অভিযান শুরু হয়।

ইন্দোনেশিয়ায় অবৈধ ও অনানুষ্ঠানিক খনিতে নিরাপত্তাব্যবস্থার অভাবে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। বিশেষ করে ভারী বৃষ্টির সময় পাহাড়ি এলাকায় খনিতে পানি ঢোকা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), রয়টার্স।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!