ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীর ঢল, এক দিনে রেকর্ড ২১০০ জনের বেশি
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনে রেকর্ডসংখ্যক অভিবাসীর আগমন ঘটেছে। পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ১০০ জনের বেশি অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। এ সময় নৌকায় একজনের মরদেহ পাওয়া গেছে। বিপজ্জনক সমুদ্রযাত্রার মধ্যেই এক নারী সন্তান জন্ম দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, পশ্চিম আফ্রিকা থেকে আসা অভিবাসীদের নিয়ে একের পর এক নৌকা ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছায়। এর মধ্যে অধিকাংশ নৌকা এল হিয়েরো দ্বীপে ভেড়ে। ২৪ ঘণ্টায় অভিবাসী আগমনের এই সংখ্যা স্পেনে এক দিনে নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে প্রায় দুই সপ্তাহ আগে এক দিনে দেড় হাজার অভিবাসী আসার রেকর্ড ছিল।
এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছিল, মঙ্গলবার ১৫টি নৌকায় করে ১ হাজার ৯৯০ জন অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। তাদের মধ্যে প্রায় ১০০ জন শিশু-কিশোর ছিল। যাত্রাপথে জন্ম নেওয়া চার দিন বয়সী একটি শিশুও ছিল তাদের সঙ্গে।
অভিবাসীর চাপে বিপর্যস্ত ছোট দ্বীপ
ক্যানারি দ্বীপপুঞ্জের পশ্চিমাঞ্চলীয় এল হিয়েরো দ্বীপে প্রায় ১১ হাজার ৪০০ মানুষের বসবাস। কিন্তু সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে দ্বীপটির আশ্রয় ও জরুরি সেবাব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।
দ্বীপটির আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো বলেছেন, এত বিপুলসংখ্যক অভিবাসীর চাপ সামাল দেওয়া ছোট দ্বীপটির পক্ষে কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্কদের আশ্রয় ও পরিচর্যার জন্য স্পেনের অন্যান্য অঞ্চলের সহযোগিতা চেয়েছেন তিনি।
তিনি আরও বলেন, অভিবাসন পরিস্থিতি মোকাবিলায় শুধু স্পেন নয়, ইউরোপীয় ইউনিয়নেরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্ক
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, অভিবাসন পরিস্থিতি মোকাবিলায় ইউরোপের সমন্বিত নীতি প্রয়োজন। এ ক্ষেত্রে সেনেগাল ও গাম্বিয়ার সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে শ্রমিকসংকট থাকা খাতগুলোতে বৈধ অভিবাসনের সুযোগ তৈরির পক্ষেও মত দিয়েছেন।
অন্যদিকে, স্পেনের রক্ষণশীল ও কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলো অভিবাসন নিয়ন্ত্রণের দাবিতে প্রচার চালাচ্ছে। দেশটির আসন্ন নির্বাচনে অভিবাসন ইস্যুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে।
কেন বাড়ছে অভিবাসীর সংখ্যা?
পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর আটলান্টিক সমুদ্রপথ বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন রুট হিসেবে পরিচিত। সেনেগাল ও গাম্বিয়াসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকায় এই পথ পাড়ি দেন।
শরৎকালে সমুদ্র তুলনামূলক শান্ত থাকায় এ সময়ে অভিবাসীদের যাত্রা বেড়ে যায়। তবে দীর্ঘ সমুদ্রযাত্রায় উত্তাল ঢেউ, প্রবল স্রোত ও নৌকাডুবির ঝুঁকিতে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বরের শেষ নাগাদ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ২৮ হাজার ১০৩ জনে দাঁড়িয়েছে। গত দুই মাসেই প্রায় ২১ হাজার মানুষ সেখানে পৌঁছেছেন।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।