ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি বলিউড সংগঠনের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:১৭, ২৫ নভেম্বর ২০২৬
নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি বলিউড সংগঠনের
ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’ ভারতে প্রচার বন্ধের দাবি জানিয়েছে দেশটির চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সিরিজটি ভারতে মুক্তি না দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পাকিস্তানের সিনেমা, সিরিজ, গান ও অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট প্রচার স্থায়ীভাবে বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে তারা।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে সংগঠনটি জানায়, পাকিস্তানের কোনো শিল্পী, কণ্ঠ বা গল্পের ভারতীয় পর্দায় জায়গা থাকা উচিত নয়। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে সিরিজটির প্রথম পর্ব মুক্তি পাওয়ার কথা। তবে এটি ভারতের দর্শকদের জন্য প্রচার করা হবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি নেটফ্লিক্স।

এআইসিডব্লিউএর দাবি, ভারতে সিরিজটি প্রচার করা হলে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনা লঙ্ঘিত হবে। ২০২৫ সালের ৮ মে মন্ত্রণালয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে পরিচালিত সব ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পাকিস্তানে নির্মিত ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ সব ধরনের কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল।

সংগঠনটি আরও দাবি করেছে, সিরিজটির কয়েকজন অভিনয়শিল্পী ভারত-পাকিস্তান উত্তেজনার বিভিন্ন সময়ে ভারতের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এ কারণে তাদের অভিনীত কোনো কনটেন্ট ভারতে প্রচার করা উচিত নয় বলে মনে করে সংগঠনটি।

কোন সিরিজ নিয়ে বিতর্ক

‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’ নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার সিরিজ। পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। সিরিজটির আন্তর্জাতিক নাম ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।

সিরিজটিতে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হানিয়া আমির, হামজা আলী আব্বাসি, ইকরা আজিজ ও মায়া আলীসহ অনেকে।

তিন প্রজন্মের ছয়টি যুগলকে ঘিরে সাজানো হয়েছে সিরিজটির গল্প। এতে প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ ও পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে। নির্মাতা ও প্রযোজক হিসেবে রয়েছেন মোমিনা দুরাইদ।

নেটফ্লিক্সের বক্তব্য পাওয়া যায়নি

রয়টার্স জানিয়েছে, সিরিজটি ভারতে প্রচার করা হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশের বিনোদন অঙ্গনেও দীর্ঘদিন ধরে প্রভাব পড়ছে। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যায়। এরপর পাকিস্তানি শিল্পী ও কনটেন্টের ওপর বিধিনিষেধ আরও কঠোর করার দাবি ওঠে।

এআইসিডব্লিউএ এবার শুধু একটি সিরিজ বন্ধের দাবি নয়, ভবিষ্যতে পাকিস্তানের কোনো বিনোদনমূলক কনটেন্ট যাতে ভারতের টেলিভিশন, সিনেমা হল কিংবা অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হতে না পারে, সে জন্য স্থায়ী আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!