ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিশেষ ক্ষমতা আইনে মামলা, আসামি ৫ হাজার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবি সদস্যদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়।
এজাহারে বলা হয়েছে, কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদের সাধারণ ও গুরুতর জখম করা হয়। এ ছাড়া সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয়।
এর আগে গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা দায়ের করে পুলিশ। টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ হাজার জনকে আসামি করা হয়।
ওই মামলার এজাহারে নামীয় আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জন।
মামলার এজাহারে থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ বিভিন্ন সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।
দুটি মামলায় সব মিলিয়ে ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে বলেন, “টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে অন্য একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”