ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর যুবদল নেতাদের সংবর্ধনা ও র‍্যালি

ঈশ্বরদী( পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ২৬ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর যুবদল নেতাদের সংবর্ধনা ও র‍্যালি
ছবি- ডেইলি বাংলাদেশ

  পাবনার ঈশ্বরদীতে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় ৯ মাস আগে বহিষ্কৃত যুবদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। পদ ফিরে পাওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ওই পাঁচ নেতাকে গণসংবর্ধনা দিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গত ২১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদসহ স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন—ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু এবং সদস্য মো. মতিউর রহমান।

সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদী শহর থেকে মুলাডুলি রেলগেট পর্যন্ত একটি মোটরসাইকেল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মুলাডুলি পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা ঈশ্বরদী শহরে ফিরে এলে দুপুর ২টায় রেলগেট ট্রাফিক মোড়ে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে নির্যাতন ও মামলার শিকার ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েলসহ বেশ কয়েকজনকে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে বহিষ্কার করা হয়েছিল। কেন্দ্রীয় কমিটি যুবদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় কৃতজ্ঞতা জানিয়ে তারা জাকারিয়া পিন্টুসহ অন্য নেতাদেরও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সংবর্ধনার জবাবে পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, দল যখন যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সব সময় তা মাথা পেতে গ্রহণ করেছি। আজ দলীয় সিদ্ধান্তেই আবারও দলে ফিরতে পেরেছি। সারাদেশে আওয়ামী লীগ যে নৈরাজ্য ও অস্থিরতা তৈরি করেছে, তা মোকাবিলা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্দেশে তিনি আরও বলেন, অতীতের সব কাদা ছোড়াছুড়ি ও ভেদাভেদ ভুলে বিএনপিকে শক্তিশালী করে নৈরাজ্যবাদীদের উৎখাত করতে হবে। আমরা সবাই মিলে সুন্দর, পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ রাজনীতি করতে চাই।

তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের এই ঐক্যের আহ্বানে ভিন্নমত জানিয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, যারা দলকে বিপদে ফেলে দলের বিরুদ্ধে কাজ করার অপরাধে বহিষ্কৃত হন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তাদের ঐক্যের ডাক দেওয়া সুবিধার মনে হয় না। ঈশ্বরদীর যুবদলই তো তাদের সঙ্গে নেই, তবে আমরা কীভাবে তাদের ডাকে সাড়া দেব?

তিনি আরও বলেন, দলের বিরুদ্ধে গিয়ে যাদের সঙ্গে সন্ত্রাসী কার্যক্রম, অন্যায় ও জুলুম করা হয়েছে, আগে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা যদি ক্ষমা করেন, তবেই বিষয়টি ভেবে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!