ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় মন্ত্রণালয় শিক্ষামন্ত্রণালায়

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২৬ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সবচেয়ে প্রিয় মন্ত্রণালয় শিক্ষামন্ত্রণালায়
নাটোর এন এস কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

শিক্ষা খাতে বর্তমান বিএনপি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হলো শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা সংস্কারে যা প্রয়োজন, সরকার সবসময় তা করে আসছে এবং এই মন্ত্রণালয়ে কখনোই বাজেটের অভাব হয়নি।’

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​শিক্ষামন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষকদের প্রথম শতকরা ৫০ ভাগ এমপিও (MPO) দেওয়ার মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়নের সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আর এখন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন।’
​সরকারের নতুন ও আসন্ন শিক্ষাবান্ধব প্রকল্পগুলোর কথা তুলে ধরে ড. মিলন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রীদের যাতায়াত সহজ করতে ১০ লাখ মেয়েকে সাইকেল উপহার দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার প্রথম ধাপে সাড়ে ৩ লাখ সাইকেল কেনা হবে। 

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে এবং প্রথম ধাপে ভালো ফলাফল করা ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে কম্পিউটার দেওয়া হবে। পাশাপাশি সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস এবং প্রতিদিন সাড়ে ৩৮ টাকা সমমূল্যের পুষ্টিকর খাবার (মিড-ডে মিল) সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
​এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!