ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
সাঁথিয়ায় সাইয়েদ বিন আবদুল্লাহর সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত
পাবনার সাঁথিয়া উপজেলায় সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে উপজেলার সকল দপ্তরপ্রধানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মপরিকল্পনার বর্তমান অবস্থা ও কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি এসব পরিকল্পনা যথাযথভাবে ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় কৃষকদের মাঝে সরকারের কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমেও যোগ দেন।
দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।