ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শনিবার থেকে খুলনা-ঢাকা রুটে চলবে জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৫, ২৬ নভেম্বর ২০২৬
শনিবার থেকে খুলনা-ঢাকা রুটে চলবে জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস
ছবি:সংগৃহীত

নিরাপত্তার স্বার্থে আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে খুলনা–চুয়াডাঙ্গা–পোড়াদহ–রাজবাড়ী–ঢাকা রুটে চলাচল শুরু করবে জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস।

খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দুটির নির্ধারিত রেক দিয়ে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন ট্রেন ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’চলবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রী ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ট্রেন দুটির চলাচল স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং রেলওয়ের কোচ বা রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে এক জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ২০০০৪ নম্বর ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দুই পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনটির কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা জাহানাবাদ এক্সপ্রেসের মতোই থাকবে। খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রেন দুটির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রীসাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ও ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের নিয়মিত যাত্রা বাতিল করা হচ্ছে। প্রতিদিন ট্রেনের যাত্রা বাতিল করায় টিকিট ফেরত দিতে হচ্ছে, এতে যাত্রীদের ভোগান্তি, বিভ্রান্তি ও রেলওয়ের পরিচালনাগত জটিলতা বাড়ছে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!