ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নড়াইলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
নড়াইল সদর উপজেলায় ঢাকা-বেনাপোল মহাসড়কে ট্রাকের ধাক্কায় তপন রায় (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , সকালে নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন তপন। পরে নড়াইলের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় ধান নিতে যান তিনি। ভ্যান নিয়ে গ্রামের ঢালু রাস্তা দিয়ে ঢাকা-বেনাপোল মহাসড়কে ওঠার সময় যশোর থেকে নড়াইলগামী দ্রুতগতির একটি ট্রাক (যশোর-ট-১১৫৬০১) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্যানচালক নিহতের ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।