ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বল টেম্পারিং কাণ্ডে নতুন শাস্তি নয়, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
২০১৮ সালের বহুল আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি ‘স্যান্ডপেপারগেট’ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হলেও এ ঘটনায় কোনো ব্যক্তিকে দায়ী করবে না ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) গঠিত স্বাধীন ফোরাম। এমনকি কারও বিরুদ্ধে নেতিবাচক সিদ্ধান্ত দেওয়া, আগের শাস্তি পুনর্বিবেচনা কিংবা নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করবে না এই ফোরাম।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত কার্যপরিধিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ছয় সপ্তাহের জন্য গঠিত এই ফোরামের নেতৃত্ব দেবেন অস্ট্রেলীয় আইনজীবী ফিওনা ম্যাকলিওড। এতে খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বেচ্ছায় নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উসমান খাজা তার আত্মজীবনীতে দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের পরিকল্পনার বিষয়ে শুধু অভিযুক্ত তিন ক্রিকেটার নন, পুরো দলই অবগত ছিল। তার এই বক্তব্যের পর নতুন করে আলোচনায় আসে আট বছর আগের ঘটনাটি।
২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যাটার ক্যামেরন ব্যানক্রফটকে দায়ী করা হয়েছিল। এ ঘটনায় স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়।
খাজার দাবিকে সমর্থন করেছেন ওয়ার্নার, ব্যানক্রফট ও সাবেক সতীর্থ চ্যাড সেয়ার্স। তবে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এবং বোলার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড দলের অন্য সদস্যদের আগে থেকে এ বিষয়ে জানার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত কার্যপরিধি অনুযায়ী, ফোরামের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়; বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও বক্তব্য শোনা এবং ঘটনার প্রভাব পর্যালোচনা করা। দক্ষিণ আফ্রিকা সফরের শুধু কেপটাউন টেস্ট নয়, সিরিজের চারটি টেস্টেই বল ব্যবস্থাপনা-সংক্রান্ত কার্যক্রম খতিয়ে দেখা হবে। পাশাপাশি ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালিত তদন্তের পদ্ধতি ও পরিধিও পর্যালোচনা করা হবে।
ফোরামের প্রতিবেদন সম্পূর্ণ প্রকাশ করা হবে। প্রতিবেদন পাওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির চেয়ারম্যান ডেভিড বুন বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনা এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার জন্য এই ফোরাম সবচেয়ে ভালো সুযোগ।
সূত্র: রয়টার্স।