ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দীর্ঘ কর্মজীবন শেষে আবেগঘন আয়োজনে শিক্ষিকার বিদায়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২৭ নভেম্বর ২০২৬
দীর্ঘ কর্মজীবন শেষে আবেগঘন আয়োজনে শিক্ষিকার বিদায়
আখাউড়ায় প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘদিনের কর্মজীবন শেষে অবসর নেওয়া নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তারকে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষকের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. দেলোয়ার হোসেন জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া।

শিক্ষক মো. হাসিব আলী রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন বেগম, সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন, বিদায়ী শিক্ষকের স্বামী ও সাবেক সরকারি কর্মকর্তা মো. হান্নান মিয়া এবং সমাজসেবক মো. ছোটন মিয়াসহ অনেকে।

বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষাও দেন। একজন শিক্ষকের প্রকৃত অর্জন তার শিক্ষার্থীদের সাফল্য ও ভালোবাসার মধ্যেই প্রতিফলিত হয়। নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাহমুদা আক্তারের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, বিদায় মানেই সম্পর্কের সমাপ্তি নয়, বরং স্মৃতির বন্ধনে নতুন করে আবদ্ধ হওয়া। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা নিয়ে বিদায়ী প্রধান শিক্ষক জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাবেন, এটাই সবার প্রত্যাশা।

অনুষ্ঠানে মাহমুদা আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা। তারা বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরে ফুল দিয়ে সাজানো গাড়িতে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গাড়ির পিছু পিছু তার বাড়ি পর্যন্ত যান।

বিদায়ী শিক্ষক মাহমুদা আক্তার বলেন, বিদায় খুবই বেদনাদায়ক। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া অনেক কষ্টের। দীর্ঘ বছর একই বিদ্যালয়ে কাটিয়েছি। এটি আমার পরিবারের মতো হয়ে গেছে। তাই এখান থেকে বিদায় নেওয়া আমার জন্য খুবই কষ্টের।

তিনি বলেন, চাকরিজীবনে কখনো দায়িত্বে অবহেলা করেননি। সব সময় যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। সহকর্মীদের সঙ্গেও ভালো সময় কেটেছে। বিদায় অনুষ্ঠানে তাকে যে সম্মান ও ভালোবাসা দেখানো হয়েছে, তাতে তিনি অভিভূত। এ সম্মান আমৃত্যু স্মরণে থাকবে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার ভালো থাকার প্রত্যাশা করেন এই শিক্ষক।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!