ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ অর্থনীতি ]

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৩, ১৬ নভেম্বর ২০২৬
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা
ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আজও এই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) টানা চতুর্থবারের মতো স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এদিকে, দেশের বাজারে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!