ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গুলি বিনিময়

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ১৬ নভেম্বর ২০২৬
খুলনায় অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গুলি বিনিময়
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় এসআরবি-৬ সদস্যদের সাথে মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন এসআরবি সদস্যরা। রাতের অন্ধকারে পালিয়ে যান মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এসআরবি-৬ এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের প্রতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি মোকাবিলায় এসআরবি সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। পরে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা। উদ্ধার করা অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!