অভ্যন্তরীণ নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে সরকার
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামো আধুনিকায়ন, উন্নত নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ করা।
সরকারের নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। কাজের পুনরাবৃত্তি কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলোকে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বর্তমানে ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টি অবকাঠামো উন্নয়নসংক্রান্ত।
চলমান প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর প্রয়োজনীয়তাও এতে উঠে এসেছে।
চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপির আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন করে ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ রাখা হয়েছে বাংলাদেশ পুলিশের জন্য। এতে পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের বিষয়টি স্পষ্ট হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার।
আধুনিকায়ন পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও রয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি বাড়াতে অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির চলমান উদ্যোগের মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন। নজরদারি ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং উন্নত পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বাহিনীটির।
এ ছাড়া ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ প্রতিষ্ঠার একটি প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ছাড়া ১৩টি উচ্চগতির বোট কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানোও উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। এ লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণের পাশাপাশি সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কারাগারের অবকাঠামো উন্নয়নও সরকারের অগ্রাধিকারে রয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থার অবকাঠামো, প্রযুক্তি এবং সেবার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
সুত্র: বাসস