বাধা পেরিয়ে সংগীতে ফিরতে চান নুসরাত বিনতে নূর
ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ নুসরাত বিনতে নূরের। পারিবারিক নানা বাধা ও জীবনের প্রতিকূলতা পেরিয়ে আবারও সংগীতাঙ্গনে নিজের অবস্থান শক্ত করতে চান এই তরুণ সংগীতশিল্পী। গানকে জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করেন তিনি। সংগীতের পাশাপাশি মডেলিং ও অভিনয়েও নিজের প্রতিভা তুলে ধরার স্বপ্ন দেখছেন নুসরাত।
নুসরাতের পৈতৃক বাড়ি বরিশাল বিভাগের বাকেরগঞ্জে। তবে তাঁর জন্ম ও বেড়ে ওঠা ফরিদপুরে, নানাবাড়িতে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা তাঁর। সংগীতের প্রতি ভালোবাসার সূচনা মায়ের হাত ধরেই। তাঁর মা সুন্দর ইসলামিক গজল গাইতেন। মায়ের কণ্ঠে গান শুনতে শুনতেই সংগীতের প্রতি আগ্রহ জন্মায় নুসরাতের।
ফরিদপুর গার্লস স্কুলে পড়ার সময় থেকেই গানের চর্চা শুরু করেন তিনি। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় টেলিভিশন দেখে শেখা ‘বাবা বলেছিল আর কোনোদিন গান করোনা’ ছিল তাঁর প্রথম কাভার করা গান। গানটি তাঁর মায়েরও বেশ পছন্দ ছিল। ছোটবেলা থেকেই সুর ও তাল ঠিক রেখে গান গাওয়ার সহজাত দক্ষতা তাঁকে সংগীতচর্চায় উৎসাহ জুগিয়েছে।
তবে সংগীতের এই পথচলা সব সময় সহজ ছিল না। কিছু মানুষের নেতিবাচক আচরণের কারণে একপর্যায়ে গান থেকে সাময়িক বিরতি নিতে হয় তাঁকে। পরে নানা বাধা পেরিয়ে আবারও গানের জগতে ফিরে আসেন নুসরাত।
তাঁর গাওয়া ‘শাহে মদিনা’ গজলটি শ্রোতাদের মধ্যে পরিচিতি পায়। পাশাপাশি নিজের লেখা গান ‘কবুল করে নাও’ ২০২৩ সালে প্রকাশের পর বেশ সাড়া ফেলে। গানটির জন্য ইউটিউব মালিক সমিতির পক্ষ থেকে পুরস্কারও পান তিনি। ব্যক্তিগত কিছু প্রতিকূলতার কারণে একসময় গানটি সরিয়ে নিতে হলেও বর্তমানে নতুন চ্যানেলে আবারও প্রকাশ করেছেন নুসরাত।
বাংলা গজলের পাশাপাশি বেশ কয়েকটি উর্দু গজলও গেয়েছেন তিনি। তাঁর পেশাদার সংগীতকাজের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে ফেমাস টিউনে। এসব গানের মাস্টারিং করেছেন মোহাম্মদ পিয়াস।
২০২৬ সালে তিনটি জনপ্রিয় গান কাভার করেছেন নুসরাত। গানগুলো হলো—‘ওহে শ্যাম’, ‘মনের ভিতরে মনের বাহিরে’ এবং ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে’। এসব গানের মূল শিল্পীদের মধ্যে রয়েছেন মনির খান, ন্যান্সি, কনা, ইমরান মাহমুদ ও হাবিব ওয়াহিদ।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নুসরাত বলেন, গানই তাঁর ধ্যান-জ্ঞান। গান নিয়েই সারা জীবন কাটাতে চান তিনি। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর। সংগীতচর্চায় মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও সহযোগিতা পেলেও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পান না। তবে এসব বাধা তাঁকে দমিয়ে রাখতে পারেনি।
নুসরাতের বিশ্বাস, আন্তরিক প্রচেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে কঠিন লক্ষ্যও অর্জন করা সম্ভব। ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য। এ পথচলায় সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া চেয়েছেন এই তরুণ শিল্পী।