ডিপজলের মেজো ভাই আর নেই
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়েছেন ডিপজল নিজেই।
ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে ডিপজল লিখেছেন, তাঁর অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর তাঁদের মাঝে নেই। ভাইয়ের অকাল মৃত্যুতে তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রয়াত ভাইকে স্মরণ করে ডিপজল আরও লেখেন, তাঁর ভাইয়ের চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। ভাইয়ের স্মৃতি ও ভালোবাসা আজীবন হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
এ সময় প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা। তিনি মহান আল্লাহর কাছে তাঁর ভাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেন।
এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। সে সময় তিনি লিখেছিলেন, তাঁর মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল গুরুতর অসুস্থ। ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
ডিপজলের ভাইয়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীরা।