ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯, ১১ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
গাদি আইজেনকোট। সংগৃহীত ছবি

ইসরাইলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই বড় ধরনের রাজনৈতিক চমক দেখিয়েছে বিরোধী জোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া একাধিক বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ নিয়েছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের নেতারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, এ লক্ষ্যে পার্লামেন্টে একাধিক বিল জমা দিয়েছেন জোটের শরিক দলগুলো। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া বিভিন্ন আইন বাতিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনেই এসব বিল উত্থাপন করা হয়।

আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে তারা। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার আইন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়মসংক্রান্ত আইনে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দিয়েছে ইয়াশার। অন্যদিকে, ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সরকারি দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে ডেমোক্র্যাটস পার্টি।

পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার। পাশাপাশি ডেমোক্র্যাটস পার্টির প্রস্তাবের মধ্যে রয়েছে ইহুদিদের ধর্মীয় ছুটির দিন শনিবার শাবাতে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল হারেদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ এবং মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা। এ ছাড়া এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণের প্রস্তাবও রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনায় রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তার আশঙ্কা, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার সময় নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই তদন্ত কমিশন গঠনে বাধা দিচ্ছেন তিনি। ক্ষমতায় গেলে কমিশন গঠন তাদের অন্যতম নির্বাচনি অঙ্গীকার।

বিরোধী জোটের প্রস্তাবিত বিলগুলোর বড় একটি অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগে পাস হওয়া আইন বাতিলের উদ্দেশ্যে আনা হয়েছে। এসব সংস্কারের বিরুদ্ধে অতীতে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।

বিচার বিভাগ সংস্কারের সমালোচকদের মতে, এসব পরিবর্তনের ফলে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য দুর্বল হয়ে পড়ছে। তবে সংস্কারের সমর্থকদের দাবি, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার রোধে এ ধরনের পরিবর্তন প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা সীমিত করার আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আইনটি কার্যকর হলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত উপেক্ষা করতে পারবেন। একই সঙ্গে এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের কর্তৃত্ব বাড়বে।

অন্যদিকে, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের অন্তর্ভুক্ত করার বিধান করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালে ইসরাইলের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনের কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাস করা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!