জল ভরা চোখে..
মাঝে মাঝে সবকিছু কেমন শূন্য মনে হয়। শূন্যতা যেনো এক শোকসভা। নিজেকে নিয়ে ভাবতে বসলে অবাক হতে হয়। এই যে আমি, এক অকিঞ্চিতকর মানুষ। এলেবেলে ধরণের মানুষ। গুরুত্বহীনভাবে আমার বেড়ে ওঠা। এভাবেই এখনও আমর জীবন। এই জীবন নিয়ে আমি যে খুউব বিচলিত তা না।
আমি আমার এই জীবনকে মেনে নিয়েছি। আমি মূলতঃ একজন আবেগপ্রবণ মানুষ। আমার ভিতরে এক ধরনের রক্তক্ষরণ আছে, অতৃপ্তি আছে, শূণ্যতা আছে। যেটা কেউ দেখেনা, বুঝতেও পারে না।
আমি আসলে নিজেকে বোঝাতে চাইনা। আমি আমাকে নিয়ে নানা পরীক্ষা করি। আমি আসলে কিছু হতে পারিনি। আমার কিছু হওয়ার কথাও ছিল না। সেজন্য আমার মধ্যে কোনো প্রগাঢ় দুখঃবোধও নেই। আমার একটাই দুঃখ আছে সেটা হলো আমি জীবনে মানুষের কাছ থেকে যা পেয়েছি তার প্রতিদান দিতে পারিনি।
বস্তুত আমি এক নিঃসঙ্গ মানুষ, একাকী মানুষ। আমি আমার নিজের কাছে একা, মনের কাছেও একা। যত দিন যাচ্ছে ততই আমি নির্জনতার ঘেরাটোপে বন্দী হয়ে যাচ্ছি। মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়ার ভাষা আমার নেই। আমি খুব নিরবে নির্জনে তাদের প্রতি কৃতজ্ঞ হই। আমার দুচোখ ভরে জল আসে।
জল ভরা চোখে আমি তাকিয়ে আছি প্লেনের জানালা দিয়ে, নিঃসীম আকাশের দিকে। সেখানে কিছুই দেখা যায় না। শূন্যতা শুধু চারিদিকে। আমার পাশে অতিশয় রপসী এক মেয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। প্লেনটা ৩৫ হাজার ফুট আলটিচুট দিয়ে যাচ্ছে। ঘন্টায় প্রায় আটশ কিলোমিটার গতিতে। নিচেই আটলান্টিক মহাসাগর।
একটা ভুতুরে নিরবতা বিশাল এয়ারবাসটার মধ্যে। আমি জেগে আছি। আমার ঘুম আসেনা। অন্য সময় আমি ঘুমিয়ে পরি। কিন্তু এ যাত্রায় আমার ঘুম আসছে না। আমার মাথায় এক ধরনের কষ্টের পোকা কিলবিল করছে। যেনো বিশাল সাগরটা আমার মাথার মধ্যে ঢুকে আছে। প্রতিবার দেশে যাওয়ার সময় আমার মধ্যে এক ধরনের প্রবল আবেগ থাকে।
কখন মায়ের সাথে দেখা হবে! কখন মাকে জড়িয়ে ধরবো। এবার আমি সেসব কিছু অনুভব করছি না। বছরান্তে আমি মাকে দেখার জন্যই সব ফেলে ছুটে যাই। এবারও যাচ্ছি। কিন্তু মাকে তো দেখতে পাবোনা! কিন্তু তবুও যাচ্ছি। মনে হয় মাতো আছেন। বরিশালের বাড়িতে সেই বিছানায় আগের মতোই মা শুয়ে আছেন। আমি বাড়িতে আসব শুনে সারারাত জেগে থাকেন মা। খুব ভোরে যখন রিকশাটা বাড়িতে পৌঁছবে মা দরজায় দাঁড়িয়ে থাকবেন। আমাকে জড়িয়ে ধরে ভ্যার ভ্যার করে কাঁদবেন।
আমার পাশের সীটের মেয়েটিকে পরম মমতায় দেখি। ২২/২৩ বছরের এক তরুণী। আমি বেশী একটা নড়া চড়া করছি না। ওর যাতে ঘুমের ব্যাঘাত না ঘটে। কিছুক্ষণ আগেই ওর সাথে একপ্রস্থ কথা হয়েছে। ডিনার খাওয়ার সময়। কেবিন ক্রু মেয়েটি বলল, চিকেন নাই, বীফ খেতে পারো। মেয়েটির খাবার সার্ভ করা তখন হয়ে গেছে। মেয়েটি আমাকে বলল, তুমি আমার চিকেন নাও, বীফ আমাকে দাও। এভাবেই সবসময় নারীরা আমাকে আনুকল্য দিয়েছে, অনুরাগ দিয়েছে।
সকালে যখন ময়েটি হীথ্রো নেমে যাবে তখন আমাকে বলল, তুমি মনে হয় ঘুমাও নাই সারারাত। তোমাকে কাঁদতে দেখেছি। আমি হেসে বললাম, হু আমার ঘুম আসছিল না, তুমি কিন্তু খুব ঘুমিয়েছো। দুষ্টুমি করে বললাম, ভাগ্যিস নাক ডাকো নাই। মেয়েটি ঝরনার মতো খিল খিল করে হাসলো। মেয়েটি জানালো সে লন্ডন থেকে যাবে স্কটল্যান্ড।
স্কটিশ মেয়ে। টরন্টো বন্ধুর কাছে বেড়াতে এসেছিল। আমি জানালাম আমি বাংলাদেশ যাচ্ছি। মায়ের কবর দেখতে যাচ্ছি।
আমি ঢাকা পৌঁছলাম খুব সকালে। তখনও রাতের অন্ধকার আছে। ঢাকা পৌঁছেই আমার প্রথম কাজ হয় বরিশাল যাওয়ার তোরজোড়। এমনকি আমি কখনও কখনও টরন্টো থেকেই বরিশাল যাওয়ার টিকেটের বন্দোবন্ত করে ফেলি। কিন্তু এবার আমি সেরকম কিছু অনুভব করছি নাতো!
বরিশাল আমি কেনো যাবো! মায়ের শূণ্য বিছানা দেখতে আমার খারাপ লাগবেনা! মায়ের কবরের পাশে আমি কিভাবে দাঁড়াবো! এইতো এক বছর আগে যাকে দেখে গেছি, শুয়ে আছেন। তাকে দেখতে পাবোনা!
বাড়িতে গিয়ে আত্বীয়দের মুখে মায়ের গল্প শুনি। মা নাকি মৃত্যুর পর দেখতে খুউব সুন্দর হয়েছিল। মানুষের ঢল নেমেছিল বাড়িতে। মানুষের হাহাকার আর আহাজারিতে বাতাস ভারি হয়েছিল।
আমি মায়ের ঘরটার মধ্যে নীরবে দাঁড়িয়ে থাকি। ছোট ছোটো স্মৃতি ছড়িয়ে আছে ঘরটায়। কিন্তু মা নেই! মা কোথাও বেড়াতে গেছে এরকম মনে হয় আমার। একটু পরই ফিরে আসবে।
আমি বেশীক্ষণ বাড়িতে থাকতে পারি না। মায়ের কবরের পাশি দাঁড়িয়ে আমার অদ্ভুত লাগে। এখানে আমার মা ঘুমিয়ে আছেন! কেমন অবিশ্বাস্য না! মা কি বুঝতে পারছে তার আদরের সন্তান আবার ছুটে এসেছে! মৃত্যুর আগে যার কথা বলেছে বারবার। বলেছে আমার যাদুকে এনে দে, আমার সোনা মানিককে এনে দে।