'প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন- ফেলোশিপ ২০২৬' প্রবর্তন
বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ, বিপন্ন বন্যপ্রাণী পুনরুদ্ধার এবং জীববৈচিত্র্য সুরক্ষায় সফল পথচলার ১৮টি গৌরবময় বছর পূর্ণ করতে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এ উপলক্ষে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় তরুণদের মৌলিক গবেষণাকে উৎসাহিত করতে প্রবর্তন করা হয়েছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন (পিওজেএফ) ফেলোশিপ’।
১৮ বছরের এই অবিচল অভিযাত্রাকে স্মরণীয় করে রাখতে দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে গবেষণারত ১৮ জন নিয়মিত শিক্ষার্থীকে প্রদান করা হবে বিশেষ গবেষণা ফেলোশিপ।
গবেষণার অধিক্ষেত্র:
প্রস্তাবিত গবেষণা প্রস্তাবে অবশ্যই পরিবেশ (Environment), জীববৈচিত্র্য (Biodiversity), প্রকৃতি সংরক্ষণ (Nature Conservation), এই বিষয়গুলোর মধ্যে এক বা একাধিক ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করতে হবে।
আবেদনের সাধারণ শর্তাবলী ও প্রার্থীর যোগ্যতা:
• যেকোনো স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পরিবেশবিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা, ইকোলজি, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, বন ও পরিবেশবিদ্যা, ভূগোল, সমাজ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, মৎস্যবিজ্ঞান বা সংশ্লিষ্ট পরিবেশীয় যেকোনো বিভাগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত থাকতে হবে।
• প্রস্তাবিত গবেষণা ধারণাটি সম্পূর্ণ মৌলিক, নতুন ও উদ্ভাবনী হতে হবে। আন্তর্জাতিক একাডেমিক মানদণ্ড অনুযায়ী লেখার সাদৃশ্য বা প্লেজারিজমের (Plagiarism) মাত্রা অনধিক ১৫% পর্যন্ত গ্রহণযোগ্য হবে।
• অন্য কোনো সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক সংস্থা/ট্রাস্ট হতে ইতিপূর্বে তহবিলপ্রাপ্ত বা অন্য কোনো অনুদানের জন্য জমাকৃত কোনো গবেষণা এই ফেলোশিপের জন্য গ্রহণযোগ্য হবে না।
• গবেষণাটি অবশ্যই বাংলাদেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে পরিচালিত মৌলিক কাজ হতে হবে।
ফেলোশিপ অনুদান:
মাঠপর্যায়ে তথ্য ও নমুনা সংগ্রহ, ল্যাব পরীক্ষা এবং গবেষণাসংশ্লিষ্ট ব্যয় নির্বাহে নির্বাচিত প্রত্যেক গবেষককে সরাসরি আর্থিক গবেষণা অনুদান প্রদান করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও দাখিলের বিবরণ:
আবেদনের সাথে নিম্নোক্ত নথিপত্রসমূহ সুস্পষ্টভাবে প্রস্তুত করে একটি একক PDF ফাইলের মাধ্যমে আপলোড করতে হবে:
১. জীবনবৃত্তান্ত (CV): সর্বোচ্চ ২ পৃষ্ঠা; শিক্ষাগত যোগ্যতা, বিভাগ, অর্জিত ফলাফল, গবেষণার পদ্ধতিগত দক্ষতা এবং পূর্ববর্তী অভিজ্ঞতা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
২. উদ্দেশ্যমূলক বিবৃতি (SOP): সর্বোচ্চ ৫০০ শব্দ; ফেলোশিপের প্রতি আগ্রহ, গবেষণার উদ্দেশ্য, ফিল্ডওয়ার্কের পরিকল্পনা এবং পরিবেশ সুরক্ষায় এর প্রায়োগিক গুরুত্ব তুলে ধরতে হবে।
৩. লেখা বা গবেষণার নমুনা: একাডেমিক লেখা, প্রকাশিত গবেষণাপত্র, টার্ম পেপার বা থিসিস অধ্যায়ের নমুনা (পূর্বে অপ্রকাশিত কাজও গ্রহণযোগ্য)।
৪. সুপারভাইজারের অগ্রায়নপত্র (LOS): বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল প্যাডে থিসিস সুপারভাইজারের স্বাক্ষর ও সিলযুক্ত অথবা বিভাগীয় প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত প্রত্যয়নপত্র/সুপারিশপত্র।
৫. জাতীয় পরিচয়পত্র (NID): আবেদনকারীর নিজস্ব জাতীয় পরিচয়পত্রের স্পষ্ট স্ক্যান কপি।
আবেদনকারীর অঙ্গীকারনামা ও প্রাতিষ্ঠানিক সুপারিশ:
• আবেদন দাখিলের মাধ্যমে প্রার্থী নিশ্চিত করবেন যে গবেষণা ধারণাটি সম্পূর্ণ নিজস্ব, পূর্বে কোথাও জমা দেওয়া হয়নি এবং জমাকৃত সকল তথ্য সম্পূর্ণ সত্য। তথ্যে কোনো গরমিল বা গবেষণায় চৌর্যবৃত্তি (Plagiarism) প্রমাণিত হলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
• সুপারভাইজার প্রত্যয়ন করবেন যে শিক্ষার্থী নিয়মিতভাবে একক থিসিস গবেষণা করছেন এবং গবেষণার জন্য বিভাগ থেকে প্রয়োজনীয় ল্যাবরেটরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদান করা হবে।
মূল্যায়ন ও নির্বাচন পদ্ধতি:
একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ মূল্যায়ন কমিটির মাধ্যমে দুই ধাপে প্রার্থী নির্বাচন সম্পন্ন হবে:
• প্রাথমিক যাচাই (Screening): আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্রের সঠিকতা এবং মৌলিকত্ব যাচাই।
• কারিগরি মূল্যায়ন (Technical Review): বিশেষজ্ঞ কমিটি কর্তৃক প্রস্তাবনার বৈজ্ঞানিক যথার্থতা, ফিল্ড মেথডলজি এবং পরিবেশগত উপযোগিতা মূল্যায়ন।
আবেদন প্রেরণের নিয়মাবলী ও সময়সীমা:
• আবেদনের মাধ্যম: নির্ধারিত অফিসিয়াল ই-মেইলে অনলাইনে আবেদন দাখিল করতে হবে: [email protected]
• আবেদনের শেষ তারিখ: ২৯শে নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
হেল্পডেস্ক ও যোগাযোগ:
ফেলোশিপ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ইমেইল করুন: [email protected]