ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

তুরস্কের সঙ্গে বাণিজ্যে জোর এরদোয়ান-তারেক রহমানের বৈঠকে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১০, ১১ নভেম্বর ২০২৬
তুরস্কের সঙ্গে বাণিজ্যে জোর এরদোয়ান-তারেক রহমানের বৈঠকে
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১)-এর প্রাক্কালে তুরস্কের আনতালিয়া শহরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে মঙ্গলবার রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জ্বালানি খাতে অংশীদারত্বসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। তিনি দুই দেশের সহযোগিতার অগ্রগতির প্রশংসা করার পাশাপাশি কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

প্রতিরক্ষা সহযোগিতা ও যৌথ বিনিয়োগে গুরুত্ব: বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর জোর দেন। তিনি প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে অংশীদারত্ব বিস্তৃত করার পাশাপাশি যৌথ বিনিয়োগের মাধ্যমে উভয় দেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে দুই দেশের ব্যবসায়িক মহলের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনার তাগিদ দেওয়া হয়।

জ্বালানি নিরাপত্তা ও নবায়নযোগ্য শক্তি: জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে বিশেষ স্থান পায়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে। দুই দেশ এই খাতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট: এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জোরালো আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ধারাবাহিক ও অবিচল সমর্থনের ভূয়সী প্রশংসা করেন তিনি। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতি এবং রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় দেশটিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!