পাবনায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পাবনার সাঁথিয়ায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সিলন্দা উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজারপাড়ার সেলিম রেজা (৩৫) ও সিলন্দা মধ্যপাড়ার মাসুদ মোল্লা (৩০)। পুলিশ জানায়, সেলিম রেজার কাছ থেকে ৪০ পিস এবং মাসুদ মোল্লার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, সিলন্দা উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের প্রবেশপথে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালায় পুলিশের দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেলিম রেজা ও মাসুদ মোল্লাকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় দুজনের পরনের লুঙ্গির কোচরে আলাদা জিপারযুক্ত পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের এলাকা ও আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাঁথিয়া থানায় মামলা করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।