ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাটমোহরে সার লুট অজ্ঞাতনামা কৃষকদের বিরুদ্ধে মামলা

এক কৃষক গ্রেপ্তার  ১০৭ বস্তা সার উদ্ধার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ১০ নভেম্বর ২০২৬
চাটমোহরে সার লুট অজ্ঞাতনামা কৃষকদের বিরুদ্ধে মামলা
ছবি- ডেইলি বাংলাদেশ

 পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে সার লুটের ঘটনায় চাটমোহর থানায় মামলা হয়েছে। ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন চন্দ্র ঘোষ ওরফে নিরু ঘোষ সোমবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ২৫০ জন কৃষকের নামে এই মামলা করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে জহুরুল ইসলাম (২৮) নামের এক কৃষককে গ্রেপ্তার করে। জহুরুল উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের আলিফ হোসেনের ছেলে। তার বাড়ি থেকে পুলিশ ৯ বস্তা সার জব্দ করেছে। এনিয়ে লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে ১০৭ বস্তা সার উদ্ধার হয়েছে। ছাইকোলা এলাকা থেকে ৯৮ বস্তা সার উদ্ধার হয় বলে কৃষি বিভাগ জানায়। কৃষকের বিরুদ্ধে মামলা হওয়ায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কৃষকেরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। কতিপয় ব্যক্তি মামলার ভয় দেখিয়ে কৃষকরে কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করছেন বলে জানা গেছে। এদিকে এই সার লুটের ঘটনায় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করেছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহবায়ক করে এই কমিটি গঠণ করা হয়। কমিটির সদস্যরা হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ সাখাওয়াত হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ লুৎফর রহমান। তদন্ত কমিটির সদস্যরা গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঘটনাস্থল ছাইকোলায় যান। তারা সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে ডিলার, জনপ্রতিনিধি, কৃষক ও এলাকাবাসীর সাথে কথা বলেন। অপরদিকে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সার ডিলার, ব্যসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে জরুরী বৈঠক করেন। তিনি যে কোন মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখার আহবান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে কৃষকদের বিরুদ্ধে মামলা করায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কৃষকদের অভিযোগ উপজেলা কৃষি অফিসের কতিপয় কর্মকর্তার কারণেই এই সার লুটের ঘটনা ঘটেছে। তারা যদি ৩টি পয়েন্টের মধ্যে ২টি পয়েন্টে সার বিক্রি বন্ধ করে না দিতেন, তাহলে এমন ঘটনা ঘটতো না। কৃষক কৃষি অফিসের কর্মকর্তাদের গাফলতির অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও একটি তদন্ত টিম গঠণ করা হচ্ছে। তারা তদন্ত করবেন। তদন্তে বিভাগের কারো গাফলতি বা সম্পৃক্তা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সারের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে সার না পাওয়া বিক্সুব্ধ কৃষকেরা গোডাউন ভেঙে সার লুট করে। একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান,সকাল থেকে শত শত কৃষক ছাইকোলা বাজারের তিনটি সার ডিলারের দোকানে সার কেনার জন্য ভিড় জমায়। এরমধ্যে দুপুর পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে পড়েন কৃষক। দুইজন সারের ডিলার কৃষি অফিসের কর্মকর্তাদেও উপস্থিতিতে দুপুরের দিকে যখন সার বিক্রি করবে না বলে জানান, তখন কৃষকরা অন্য ডিলারের দোকানে ভিড় করেন। কিন্তুু ওই ডিলার তার জন্য নির্ধারিত ওয়ার্ডের বাইরে সার বিক্রি করবে না বলে জানালে বিক্ষুব্ধ কৃষক গোডাউনে হামলা করে সার নিয়ে যায়। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের কর্মকর্তা, যারা উপস্থিত ছিলেন, তারা কতিপয় নেতার সাথে পরামর্শ করে দুইজন ডিলারের দোকানের সার বিক্রি করা হবেনা বলে জানালে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। জানা গেছে, উপজেলার ছাইকোলা ইউনিয়নের বিসিআইসির ১ জন ও বিএডিসির ২ জন ডিলার রয়েছে। সোমবার (৯ নভেম্বর) ছাইকোলা বাজারে এই ৩ জন ডিলারের সার বিতরণের দিন ধার্য ছিল। এলাকার প্রায় ৩-৪ হাজার কৃষক কিষাণী সার কেনার জন্য ডিলারের দোকানে জড়ো হন। এরমধ্যে কৃষি বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে সিদ্ধান্ত হয় বিএডিসির ডিলাররা আগামী বুধবার ও বৃহস্পতিবার সার দিবে। কিন্তুু বিসিআইসির ছাইকোলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর বাজারের প্রদীপ কুমার পাল সার বিক্রি শুরু করেন। প্রদীপের প্রতিনিধি নিরু ঘোষ ওই ইউনিয়নের ৪ ৫ ও ৬ নং ওয়ার্ডের কৃষকদের মধ্যে সার বিক্রি শুরু করলে অপর দুই ডিলারের দোকানে থাকা কয়েক শত কৃষক প্রদীপ পালের দোকানে আসেন। এক পর্যায়ে প্রায় ৩ হাজার কৃষক ও এলাকাবাসী সারের গোডাউনে হামলা চালিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে গোডাউনের টিনের বেড়া কেটে ৬১১ বস্তা ডিএপি, ইউরিয়া ও পটাশ সার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আশ্রাফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ পরিচালক জাহাঙ্গীর হোসেন প্রামানিক, চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, থানার অফিসার ইনচার্জ অলিউর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে যান। তাঁরা ক্ষতিগ্রস্থ ডিলার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকাবাসীর সাথে কথা বলেন। উপস্থিত এলাকাবাসী খোলা বাজারে সার বিক্রির দাবি জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লুট হওয়া সার উদ্ধারে মাইকিং করা হয়।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!