গোয়ালন্দে অসুস্থ গরু রাখায় কসাইকে ১০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ গরু জবাইয়ের উদ্দেশ্যে রাখার দায়ে বাবুল নামে এক কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর)রাত সাড়ে ৯ টার সময় গোয়ালন্দ পৌর জামতলা সংলগ্ন এলাকায় পশু জবাই ও মাংসের যথাযথ মান নিশ্চিতকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জবাইয়ের উদ্দেশ্যে অসুস্থ গরু রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী কসাইখানার মালিক বাবুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত মাংস নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো অবস্থাতেই অসুস্থ পশু জবাই করে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে দেওয়া হবে না। পশু জবাই ও মাংস বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।