সেবা ব্যাহত হলে পৌর কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী
পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
নগর ব্যবস্থাপনার অন্যতম প্রধান সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট কোনো ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয় এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। তাই দ্রুত ম্যানহোল ও বাউন্ডারি ওয়ালসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণ করতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব ল্যান্ডফিল থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থাও করতে হবে।
কর্মশালায় গুরুত্বপূর্ণ সংখ্যক কর্মকর্তা অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার বিপুল অর্থ ব্যয় করে কর্মশালার আয়োজন করেছে। অথচ ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ ধরনের উদাসীনতা কর্মশালার মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে। তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি।
পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়মের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে মাস্টারপ্ল্যানের তালিকায় বড় ধরনের অনিয়ম হয়েছে। ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা এ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। শুরুতেই জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে তালিকায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।
স্থানীয় সরকার বিভাগের আওতায় অবকাঠামোগত উন্নয়নে এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি কর্মকর্তাদের শুধু রাস্তাঘাট নির্মাণে সীমাবদ্ধ না থেকে শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক সেবা প্রদানে প্রশাসনিক হয়রানির বিষয়ে শূন্য সহনশীলতার কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন, কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা বন্ধ রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সোলার প্যানেল স্থাপনের জন্য বরাদ্দ পাওয়ার পরও তা অব্যবহৃত ফেলে রাখা পৌরসভার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।
পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি। এ জন্য ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান ও জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।