ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ফিচার ]

তরুণদের হাত ধরে এগিয়ে যাবে দেশীয় ফ্যাশনের স্বপ্নযাত্রা

এস এম মুকুল
প্রকাশিত: ১২:৩০, ১১ নভেম্বর ২০২৬
তরুণদের হাত ধরে এগিয়ে যাবে দেশীয় ফ্যাশনের স্বপ্নযাত্রা
দেশীয় ফ্যাশনের প্রতি আগ্রহ বাড়ছে সব বয়সী মানুষের। বিশেষত তরুণদের অধিক আগ্রহই এ শিল্পের মোক্ষম ধারক হিসেবে বিবেচনা করা হয়
  • দেশি ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন এফইএবি—ফ্যাশন উদ্যোগ ২০১৮ সালে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনের তথ্যমতে— ১৯৭৩ থেকে ২০১৮—এই ৪৫ বছরে দেশি ফ্যাশন হাউসের সংখ্যা ৫ হাজারের বেশি।
  • ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হাউসের সংখ্যা প্রায় ১০০।
  • বর্তমান দেশি পোশাকশিল্পে বার্ষিক ব্যবসা কমবেশি ১০ হাজার কোটি টাকা।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান, দেশের প্রতি ভালবাসা নিয়ে বিদেশী বাহারি নামের পোশাক পরিহার করে দেশীয় ফ্যাশনে আমাদের নিজস্ব পোশাক কিনুন, পরিধান করুন, উপহার দিন।

দেশের অনেক  ক্রেতার পছন্দের তালিকায় কিরণ মালা, পাখি, রাশি, গোপী, কটকটি এমন বাহারি নামে জনপ্রিয়তা পাশকাটিয়ে আবহমান বাংলার চিরায়ত সভ্যতা-সংস্কৃতির রঙে-ঢঙে বর্ণিল বাহারি ডিজাইন নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দেশীয় ফ্যাশন শিল্প। দেশীয় স্বকীয়তায় আপন সংস্কৃতি ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে অনেক অনেক দেশীয় ফ্যাশন হাউস।

আমরা গর্ব করে বলতেই পারি একসময়ের ঘরোয়া বা শৌখিন বুটিক হাউসগুলো মেধা-মননে দেশীয় সভ্যতাকে ধারণ করে রূপ নিয়েছে প্রতিষ্ঠিত ব্র্যান্ডে। বাংলার ষড়ঋতুর আবেশ পাওয়া যায় এখন দেশীয় ফ্যাশনেবল পোশাকে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব ঋতুর প্রাকৃতিক রঙ-রূপ পাওয়া যাচ্ছে ফ্যাশন হাউজগুলো সৃজনশীল প্রচেষ্টার প্রতিফলন হিসেবে। আছে আধুনিক সময়ের সাথে বুননের অন্তমিল। পোশাক পরিধানে আরাম আয়াশের বিষয়গুলোও বাদ যাচ্ছেনা। তার মানে এই শিল্পে জ্ঞান গবেষণা চলছে নিরন্তর। এভাবেই সময় আর রুচিবোধের পালাবদল ঘটিয়ে বিকশিত হচ্ছে আমাদের দেশীয় ফ্যাশন শিল্প।

ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল বলেছেন, "বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প বিশ্ব ফ্যাশনে আমাদের আলাদা পরিচয় দিচ্ছে। আমরা আধুনিক ডিজাইনে ঐতিহ্যবাহী কাপড় ব্যবহার করছি।"  বিবি রাসেল তাঁর বেরিফাইড ফেসবুকে লিখেছেন- বাংলাদেশের ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ গড়বে আমাদের তরুণ প্রজন্ম, শেকড়ের শক্তিতে।

বিবি রাসেলের আহ্বান, বাংলাদেশের ফ্যাশন—ঐতিহ্য, সৃজনশীলতা আর অসীম সম্ভাবনার এক সোনার খনি। এই সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রয়োজন সহযোগিতা, সম্মিলিত উদ্যোগ ও দেশীয় শিল্পের প্রতি আস্থা। আমাদের ঐতিহ্যই হতে পারে আগামীর শক্তি।

ফেসবুক পেজে তিনি আরো উল্লেখ করেছেন- আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, তাঁত, কারুশিল্প এবং মানুষের সৃজনশীলতাই হতে পারে বিশ্বমঞ্চে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্মের নতুন চিন্তা, উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার সঙ্গে আমাদের শেকড়ের সংযোগ ঘটাতে পারলে বাংলাদেশের ফ্যাশন আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। আমাদের প্রয়োজন নতুন প্রজন্মের ডিজাইনারদের উৎসাহিত করা, দেশীয় কারিগরদের সঙ্গে তাঁদের সংযোগ তৈরি করা এবং বাংলাদেশের নিজস্ব ফ্যাশন পরিচয়কে বিশ্ব দরবারে তুলে ধরা।আধুনিকতার পথে এগিয়ে যাই, কিন্তু নিজের শেকড়কে ভুলে নয়।

আসলে শুরুটাও শুরু ছিলোনা, এ যেন কঠিন সংগ্রামের পথ। বিদেশী বাহারি পোশাকের বিপুল জনপ্রিয়তার সাথে রীতিমত যুদ্ধ করতে হয়েছে নেপথ্য কারিগরদের। এ যুদ্ধ এখনো চলছে। তথ্য অনুসন্ধানে জানাগেছে- স্বাধীনতার পরবর্তী ১০ বছরে দেশীয় পোশাকের নতুন ধারণা নিয়ে প্রথমে রূপায়ণ ও নিপুণ এবং তারপর আড়ং নামে দেশীয় ফ্যাশন শিল্পের গোড়াপত্তন হয়।

সেসময়ে কয়েকজন উদ্যোক্তার একান্ত প্রচেষ্টায় দেশজ পোশাকের নতুন ধারণায় বুটিক শিল্পকে পরিচিত করে তুলা হয় আধুনিক রুচিশীলতায়।  সেই সময়টা বেশ কঠিন হলেও কারিকা, কুমুদিনী, সেতুলী, জয়া, শুকসারি, টাঙ্গাইল শাড়ি কুটিরসহ আরও বেশ কয়েকটি বুটিক কারু ও পোশাকশিল্পে দেশজ ভাবনার নতুনমাত্রা যোগ করে। তবে আমাদের দেশীয় ফ্যাশনের বিকাশ ঘটে আশির দশকে।

দেশীয় সংস্কৃতি-আচারের চেতনা নিয়ে যুক্ত হয় নতুন অনেক প্রতিষ্ঠান। নিঃসন্দেহে বলা যায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়নি। কেননা তাদের সৃজিত পথ ধরেই বৈচিত্র্যময় নান্দনিক ডিজাইন, মার্জিত রুচিবোধ, রঙ-রূপ, ঋতু বৈচিত্র্যকে সাথী করে সময়ের সাথে পরিবর্তন প্রবাহে দেশীয় কৃষ্টিতে রূপায়িত এসব পোশাকের দিকে সব বয়সী মানুষই ঝুঁকছেন।

চাহিদার বাড়ার সাথে সাথে দেশীয় পোশাকের বাজার ক্রমশ বড় হচ্ছে। যারা একসময় কঠিন পথ পাড়ি দিয়েছেন পোশাকে-ফ্যাশনে দেশীয় চেতনাকে জাগিয়ে তুলতে, তাঁদের দেখানো পথ ধরে ফ্যাশন জগতে শৈল্পিক বিপ্লবের সূত্রপাত হয়েছে।

এক দশকে দেশীয় ফ্যাশনশিল্পে ঘটে গেছে বেশ বড় এক পরিবর্তন। ঐতিহ্যবাহী ফ্যাশন হাউসগুলোর পাশাপাশি তৈরি পোশাকের ‘রেডি-টু-ওয়্যার’ ব্র্যান্ডগুলো বেশ জোরালোভাবে তাদের অবস্থান জানান দিয়েছে।

একাত্তর পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশে, দেশি ফ্যাশনশিল্প শুরু করেন আশরাফুর রহমান ফারুক ‘নিপুণ ক্র্যাফটস’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এরপর ফ্যাশন হাউসের সংখ্যা বাড়তে থাকে। ১৯৭৮ সালের শেষভাগে প্রতিষ্ঠিত হয় ‘আড়ং’। এরপর ‘টাঙ্গাইল শাড়ী কুটির’।

আশির দশক থেকে নব্বইয়ের দশকে দেশের মানুষের সামনে হাজির হয় বেশ কয়েকটি ফ্যাশন হাউস। যেগুলোর বেশির ভাগ এখনো জনপ্রিয়তার শীর্ষে। এ তালিকায় রয়েছে কে-ক্র্যাফট, অঞ্জন’স, রঙ, সাদাকালো, বিবিআনা, বাংলার মেলা ইত্যাদি।
এরই ধারাবাহিকতায় অল্প সময়ের ব্যবধানে আত্মপ্রকাশ করে লা রিভ ও সেইলর। এই পালে পরে যোগ হয় জেন্টল পার্ক, এমব্রেলা, ক্লাবহাউজ, সারা, টুয়েলভসহ আরও কিছু ফ্যাশন ব্র্যান্ড। এই সংখ্যা দিন দিন বাড়তে থাকবে।

একথা বলতে দ্বিধা নেই যে- বাংলাদেশের ঐতিহ্যবাহী টেক্সটাইল ও ফ্যাশন বিশ্ব বাজারে নতুন সম্ভাবনা তৈরি করছে। ২০২৫ সালে ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যাশন উৎসবে বাংলাদেশের হ্যান্ডলুম ও নকশিকাঁথাভিত্তিক ডিজাইন ব্যাপক প্রশংসা পেয়েছে। সেখানে বাংলাদেশি ফ্যাশন ডিজাইনাররা জামদানি, খাদি ও মসলিনের আধুনিক রূপ উপস্থাপন করেছেন।

বাংলাদেশের ফ্যাশন এখন শুধু দেশের বাজারে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক পরিসরে নিজেদের কাজ তুলে ধরছেন দেশের ডিজাইনাররা।

এদিকে নিজস্ব ঐতিহ্য, কারুশিল্প ও সৃজনশীলতাকে ভিত্তি করে বাংলাদেশের ফ্যাশন শিল্পকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ডিজাইনার ও উদ্যোক্তারা। তাঁদের মতে, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্ধ অনুকরণ নয়, প্রয়োজন নিজস্বতার চর্চা, প্রাতিষ্ঠানিক গবেষণা, দক্ষ কারিগর এবং সমন্বিত উদ্যোগ।

সম্প্রতি রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইআইএম) অনুষ্ঠিত হয়েছে ‘ডিজাইনারের চোখে পণ্যের ভবিষ্যৎ চাহিদা ও উৎপাদন প্রস্তুতি’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

ডিজাইন কনসালট্যান্ট চন্দ্র শেখর সাহা। তাঁর মতে, ডিজাইন মানে শুধু কোনো পণ্যের ওপর অলংকরণ বা সাজসজ্জা নয়; বরং যেকোনো পরিকল্পনার পেছনে একটি সুসংগঠিত প্রক্রিয়া ও পদ্ধতি থাকা জরুরি। ঐতিহ্যের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি বলেন, ১০০ বছর আগের বাঙালির উৎসব বা সামাজিক অনুষ্ঠানের পোশাকের রং কী ছিল, তা আজ স্পষ্টভাবে বলা কঠিন। অথচ চীনারা হাজার বছর ধরে সোনালি ও লাল রঙের প্রতি তাদের সাংস্কৃতিক অনুরাগ ধরে রেখেছে। একটি জাতির নিজস্বতার পরিচয় এভাবেই দীর্ঘ সময় ধরে চর্চা ও সংরক্ষণের মধ্য দিয়ে গড়ে ওঠে।

দেশের ফ্যাশনশিল্পের কাঠামোগত দুর্বলতা তুলে ধরেন ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) সভাপতি ও ফ্যাশন হাউস সাদাকালোর প্রতিষ্ঠাতা আজহারুল হক আজাদ। তিনি বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭৩ সালে ‘নিপুণ’-এর হাত ধরে ফ্যাশন হাউসের যাত্রা শুরু হয়। সেই হিসাবে এই খাতের বয়স ৫৩ বছর। অথচ এত দীর্ঘ সময়েও ফ্যাশনশিল্পে প্রাতিষ্ঠানিক গবেষণা, নিজস্ব জরিপ কিংবা তথ্যভান্ডার গড়ে ওঠেনি।

ফ্যাশন হাউসগুলোর নানামাত্রিক উদ্যোগের ফলে দেশের মানুষের  পোশাক কেনার অভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। আগে শুধু মাত্র ঈদ-পূজায় কেনাকাটা হলেও এখন- বাংলা নববর্ষ, মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, ফাল্গুন-বসন্তসহ দিবস ও উৎসব-উপলক্ষ্য কেন্দ্রিক পোশাক কেনার প্রবণতা বেড়েছে।

জানা গেছে- বর্তমানে প্রায় শতাধিক ব্র্যান্ডের ফ্যাশন হাউস তাদের স্বনামে নিজস্বতায় শিল্পমাত্রা ঠিক রেখে দেশীয় ফ্যাশন শিল্পকে উজ্জ্বল দিগন্তে ধাবিত করেছেন। ফ্যাশন উদ্যোক্তাদের সংগঠন ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্যমতে, এক দশক আগে দেশীয় ফ্যাশনের বাজার ছিলো এক হাজার কোটি টাকা।

বর্তমানে দেশে ফ্যাশন বাজার বিকশিত হয়ে ১০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বলা যায় দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধারণ করে দেশীয় কাপড়, দেশীয় বুনন, রঙ ও নকশার বৈচিত্র্যে এসব পোশাক উৎসব-পার্বণকে সাথে করে বিপ্লব ঘটিয়েছে।

একসময়ের ঘরোয়া বা শৌখিন আঙ্গিকে গড়ে ওঠা ছোট বুটিক হাউসগুলো সময়ের বিবর্তনে নামীদামি ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে গেছে ইতোমধ্যে। উল্লেখ করা যেতে পারে আড়ং, অঞ্জন’স, নিপুণ, কে-ক্র্যাফট, রঙ, নগরদোলা, সাদাকালো, প্রবর্তন, শ্রদ্ধা, বাংলার মেলা, অন্যমেলা, নিপুণ, নবরূপা, গ্রামীণ চেক, নীলাঞ্জনা, ওজি, বিবিআনা, দেশালসহ আরো শ্রæতিমধুর অনেক নাম।

আশার খবর হলো- এদের মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেশের বাইরেও বিস্তৃতি ঘটিয়ে রপ্তানি শুরু করেছে। দেশীয় ফ্যাশন হাউসের তৈরি পোশাক বাইরের আমদানি করা পোশাকের চেয়ে অনেক উন্নতমানের। সুতার মান ভালো। রঙে আছে স্থায়িত্ব। দামে সাশ্রয়ী। পরিধেয় হিসেবে আরামদায়ক।

দেশি কাপড় অনেক মানসম্মত ও টেকসই কিন্তু গ্রাহকদের কাছে ভারতীয়-পাকিস্তানিসহ বিদেশি কাপড়ের প্রতি আগ্রহ বেশি। তারপরেও বাহারি রঙের মসলিন, সুতি, সিল্ক, জর্জেটের মতো দেশি কাপড়ে নিত্যনতুন ডিজাইনে চমৎকার শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, স্কার্ট, সালোয়ার কামিজসহ গৃহস্থালি সরঞ্জামের কদর বাড়ছে। বর্তমানে প্রায় ৫০ লাখ লোক এই শিল্পের সঙ্গে জড়িত। যারা প্রতিনিয়ত বিভিন্ন উৎসবে সরবরাহ করে থাকেন নিত্য নতুন পোশাক।

সারাবছর যে বেচাকেনা হয় তার প্রায় ৪০ শতাংশই হয় রমজান মাসে, ঈদকে কেন্দ্র করে। জানাগেছে বৈশাখে আভ্যন্তরীন দেশীয় ফ্যাশন পোশাকের বাজার কমবেশি দেড় হাজার কোটি টাকা।

দেশীয় ফ্যাশনের প্রতি আগ্রহ বাড়ছে সব বয়সী মানুষের। বিশেষত তরুণদের অধিক আগ্রহই এ শিল্পের মোক্ষম ধারক হিসেবে বিবেচনা করা হয়। তারপরেও সত্যি হলো- ঐতিহ্য আর সংস্কৃতিকে ধারণের পাশাপাশি গুণগত মানে দেশীয় ফ্যাশনগুলো এগিয়ে থাকলেও প্রচারণায় অনেক পিছিয়ে আছে।  

দেখা গেছে রাজধানীকেন্দ্রিক কিছু বিক্রয়কেন্দ্রে দেশীয় ফ্যাশন হাউসগুলো পোশাক বিক্রিতে সীমাবদ্ধ রয়েছে। চট্টগ্রাম বা সিলেটে নামিদামি ফ্যাশন হাউসের দ্ইু-একটি বিক্রয়কেন্দ্র থাকলেও দেশের অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে তাদের পণ্য অনুপস্থিত।

যেকারণে আগ্রহ থাকলেও হাতের নাগালে না পাওয়ায় দেশীয় ফ্যাশন হাউসের পণ্য কিনতে পারছে না এ প্রজন্মের দেশীয় সংস্কৃতির অনুরাগী ক্রেতারা। তবে স্থানীয় বুটিক হাউসগুলো এই চাহিদা পূরণের চেষ্টা করলেও তা পূর্ণতা পাচ্ছেনা। প্রচার কৌশলে ভারতীয় পোশাক পাখি, ব্যাং ব্যাং, আলিয়া, জলনূপুর, কোজাগরির নাম বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মেয়েটিও জানছে। অথচ এ দেশের উপজেলা দূরে থাক, জেলা শহরের অনেক ক্রেতার কাছে বাংলাদেশের দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সাদা কালো, রঙ, কে ক্রাফট বা অঞ্জনসের নামই পরিচিত নয়। এরপরও দেশীয় ফ্যাশন হাউসগুলোর বিক্রি বাড়ছে।

অনেকের অভিমত, নিজস্ব ব্র্যান্ডের প্রচার-প্রচারণা, বিপণিবিতানের সংখ্যা বাড়ানোর প্রয়োজন থাকলেও অর্থায়ন সংকটে দেশীয় ফ্যাশন হাউসগুলোর সীমাবদ্ধতা আছে। তবে জেলা শহরগুলোতে স্থানীয় আগ্রহী বুটিক ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে ফ্যাশনগুলোর আউটলেট ওপেন করতে পারে কিনা ভেবে দেখা যায়।

আমাদের প্রতিবেশী দেশের সিরিয়াল, সিনেমা বা নায়ক-নায়িকাকেন্দ্রিক ফ্যাশনে প্রচার-প্রচারণায় আকৃষ্ট হচ্ছে আমাদের নতুন প্রজন্ম। প্রশ্ন হলো এমন প্রচারণার সুযোগ কি বাংলাদেশের ক্ষেত্রে অসম্ভব।

আমাদের দেশের নামীদামী ফ্যাশন হাউসগুলো চাইলেও পারে আমাদের নাটক নির্মাতা বা অনুষ্ঠান নির্মাতাদের সাথে থিমনির্ভর নাটক ও অনুষ্ঠান তৈরি করতে। এধরনের অনুষ্ঠান টিভি চ্যানেলগুলোর সাথে আলোচনা করে অপেক্ষাকৃত কম খরচে প্রচারের ব্যবস্থা নেয়া যেতে পারে।

ফ্যাশন সচেতনতায় ফ্যাশন প্রতিযোগিতার আয়োজন হতে পারে। হতে পারে জেলা ও উপজেলা পর্যায়ে দেশীয় ফ্যাশন উৎসব ও মেলা। আমাদের প্রিয় লেখক হুমায়ূন আহমেদের সৃষ্টি হিমুর মাধ্যমে হলুদ রঙের পাঞ্জাবির বাজার সৃষ্টি হয়েছে।

কাজেই কোনো কিছুকেই অসম্ভব বলা যাবেনা। আমাদের দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজগুলোর মধ্যে ১০টি প্রতিষ্ঠান যুথবদ্ধ হয়ে দেশীদশ নামে পৃথক একটি ধারা সৃষ্টি করেছে। এরকম উদ্যোগের সফল বাস্তবায়ন হতে পারে মোবাইল ফ্যাশন সপ/আউটলেটের মাধ্যমে।

গাড়ী নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে প্রচারণার পাশাপাশি বিক্রয় এবং স্থায়ী বাণিজ্যের ভিত গড়ে উঠতে পারে। পত্রিকাগুলোর সাথে ফ্যাশন বা লাইফস্টাইল পাতা, ছোটদের পাতা ইত্যাদির সাথে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কারের আয়োজন করা যেতে পারে। তাহলেই সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব পড়বে দেশীয় ফ্যাশন শিল্পের প্রতি।

এসব সচেতনতা কার্যক্রমের আমাদের প্রজন্মের মানসপটে দেশীয় ফ্যাশন শিল্পের প্রতি ভালবাসা সৃষ্টি হবে- যা কার্যত বিরাট আভ্যন্তরীণ বাজার সৃষ্টি করতে পারে বৈকি।

তারপরও আমাদের দেশীয় ফ্যাশন শিল্পের বিকাশে প্রয়োজন সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ। স্বল্প সুদে ঋণ প্রদান ও প্রশিক্ষন। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান, দেশের প্রতি ভালবাসা নিয়ে বিদেশী বাহারি নামের পোশাক পরিহার করে দেশীয় ফ্যাশনে আমাদের নিজস্ব পোশাক কিনুন, পরিধান করুন, উপহার দিন।

লেখক : এস এম মুকুল, কলাম লেখক ও উন্নয়ন গবেষক। 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!